ইরানের পশ্চিমাঞ্চলে একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনায় ১৩ জন তেল ও গ্যাস শ্রমিক নিহত হওয়ার পর তীব্র সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির আবদালান শহরে মঙ্গলবার শত শত সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন। ইরাক সীমান্তের কাছাকাছি অবস্থিত ইলাম প্রদেশের এই শহরে প্রথমে স্থানীয় বাসিন্দারা শ্রমিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা চেয়ে জমায়েত হলেও মুহূর্তেই সেই ক্ষোভ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা নানা ধরনের সরকারবিরোধী স্লোগান দেন এবং কেউ কেউ পাহলভি রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবিও তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিভিন্ন সূত্রে প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা গেছে, বিশাল জনতা রাজপথে মার্চ করছে এবং 'একনায়কের মৃত্যু চাই' বলে স্লোগান দিচ্ছে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা বিশেষজ্ঞ এবং সংবাদমাধ্যম বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা তেহরানের চলমান গভীর রাজনৈতিক সংকটকে আবারও স্পষ্ট করে তুলেছে। আবদালানের এই পরিস্থিতি প্রমাণ করে যে বর্তমান ইসলামী প্রজাতন্ত্র যেকোনো সময় বড় ধরনের অভ্যন্তরীণ বিস্ফোরণের মুখে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের গণআন্দোলনগুলো সাধারণত স্থানীয় কোনো ছোটখাটো অভাব-অভিযোগ বা ক্ষোভ দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা পুরো রাষ্ট্রব্যবস্থার পতনের দাবির দিকে মোড় নেয়। বর্তমান বিক্ষোভে যেসব স্লোগান শোনা গেছে, তা কোনো নির্দিষ্ট নীতিমালার বিরুদ্ধে নয় বরং পুরো শাসনব্যবস্থার বিরুদ্ধে সরাসরি আঙুল তুলছে। সাধারণ মানুষ সরকারের ওপর থেকে তাদের সম্পূর্ণ আস্থার সংকট প্রকাশ করছে এবং শীর্ষ নেতৃত্বকে দায়ী করছে।
এদিকে আন্দোলন দমাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাপ্ত নতুন তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী আবদালানের এই বিক্ষোভ থেকে অন্তত সাতজনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর বরাতে জানা গেছে, আটককৃতদের ওপর সরকারের কঠোর নজরদারি রয়েছে এবং যেকোনো মূল্যে আন্দোলন দমনের চেষ্টা চলছে।
ইরানে এর আগেও বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের সরকারবিরোধী আন্দোলন গড়ে উঠেছে। তবে সাম্প্রতিক এই বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মৃত্যুর বিষয়টি নতুন করে আগুনে ঘি ঢেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক অধিকারহীনতার ক্ষোভ যেকোনো মুহূর্তে আরও বড় জাতীয় সংকটের জন্ম দিতে পারে, যা বর্তমান প্রশাসনের জন্য বড় ধরণের চ্যালেঞ্জ তৈরি করবে।


