বুধবার কানাডাবাসীর মোবাইল ফোন, রেডিও এবং টেলিভিশনে বেজে উঠতে পারে পরিচিত জরুরি সতর্কবার্তাটি। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এটি কোনো বাস্তব বিপদ নয়, বরং কানাডার জাতীয় জনসতর্কীকরণ ব্যবস্থার একটি রুটিন পরীক্ষা। দেশটির সকল প্রদেশ ও এবং অঞ্চলের ‘অ্যালার্ট রেডি’ সিস্টেমের কার্যকারিতা যাচাইয়ের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে টর্নেডো, বন্যা, দাবানল বা অ্যাম্বার অ্যালার্টের মতো গুরুতর পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত সতর্ক করার প্রক্রিয়াটি আরও নিখুঁত করা হয়।
অ্যালার্ট রেডি সিস্টেমের কারিগরি অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান পেলমোরিড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই জনপরীক্ষাটি নিশ্চিত করে যে আমাদের জরুরি সতর্কীকরণ ব্যবস্থা ভবিষ্যতে যে কোনো বাস্তব বিপদের সময় অত্যন্ত কার্যকরীভাবে কাজ করতে পারবে এবং নাগরিকরা এই অ্যালার্ট সিগন্যালের সাথে পরিচিত হতে পারবেন। পরীক্ষা চলাকালীন টেলিভিশন ও রেডিওর পাশাপাশি এলটিই বা ফাইভজি নেটওয়ার্কের সাথে যুক্ত সামঞ্জস্যপূর্ণ মোবাইল ডিভাইসগুলোতেও এই বার্তা পৌঁছে যাবে।
বার্তাটি শুরু হবে একটি স্বতন্ত্র অ্যালার্ট টোন বা শব্দের মাধ্যমে, যা পরবর্তীতে একটি পরিষ্কার ঘোষণার মাধ্যমে স্পষ্ট করে দেবে যে এটি কেবলই একটি পরীক্ষা এবং এর জন্য কোনো ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ বা আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। নিয়মের অংশ হিসেবে কানাডার নাগরিকরা এই সিস্টেমের বাইরে থাকতে বা একে এড়াতে পারবেন না। পেলমোরিড স্পষ্ট করেছে যে মানুষের জীবন ও সম্পত্তির সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করার জন্যই এই সিস্টেমটি অত্যন্ত নিখুঁত ও বাধ্যতামূলকভাবে তৈরি করা হয়েছে।
কানাডার সিআরটিসি-এর নিয়ম অনুযায়ী বেতার ও টেলিভিশন সম্প্রচারকারী এবং ওয়্যারলেস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর অন্তত একবার এই ধরনের পাবলিক টেস্ট অ্যালার্ট পরিচালনা করতে হয়। সাধারণত মে এবং নভেম্বর মাসে এই পরীক্ষাগুলো হয়ে থাকে। চলতি ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত কানাডাজুড়ে এই জরুরি অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে এক হাজার দুশ'র বেশি জরুরি সতর্কতা বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ নাগরিকদের সবসময় জরুরি পরিস্থিতির জন্য অন্তত তিনদিনের মতো প্রয়োজনীয় রসদ ও প্রস্তুতি রাখার পরামর্শ দিয়ে আসছে। আজকের এই পরীক্ষামূলক সম্প্রচার কেবল নাগরিকদের প্রস্তুত করার জন্যই নয়, বরং কোনো ধরনের বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা সংকটের সময় যোগাযোগ রক্ষা করা সহজ করার একটি পূর্বপ্রস্তুতি।


