১৯৮৬ সাল থেকে নিখোঁজ থাকা ইসরায়েলি বিমান বাহিনীর সদস্য রন আরাদের ভাগ্য সম্পর্কে জানতে ২০২১ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে এক ধ্রুপদী ছদ্মবেশী অভিযান চালিয়েছিল ইসরায়েলি গোয়েন্দারা। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন কর্মকর্তা এবং ওই ঘটনার ভিডিও পর্যালোচনা করা এক সিরীয় কর্মকর্তার বরাতে জানা গেছে, দামেস্কের একটি অভিজাত কূটনৈতিক এলাকা থেকে ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করা হয়।
ঘটনার দিন সকালে জেনারেল আবদুল্লাহ সাবেরি যখন প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন, তখন ছদ্মবেশী ইসরায়েলি গোয়েন্দারা তার গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। মুভার্স বা মালপত্র বহনকারী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে তারা এলাকার নিরাপত্তা চৌকি পেরিয়ে ভেতরে প্রবেশ করে। জেনারেল সাবেরি যখন একটি উদ্যানের দিকে যাচ্ছিলেন, তখন দুই ব্যক্তি একটি বড় আকারের ফ্রিজের বাক্স বহন করে তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে আকস্মিকভাবে পাকড়াও করে।
পরে তাকে চেতনানাশক প্রয়োগ করে ওই বাক্সের মধ্যে বন্দি করা হয় এবং একটি সাদা রঙের ভ্যানে তুলে দ্রুত ওই এলাকা ত্যাগ করা হয়। কোনো প্রকার বাধার মুখে না পড়ে অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন পরিচালনা করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ইরানি কমান্ডার হওয়ায় তিনি অনেক গোপনীয় বিষয়ের সঙ্গে পরিচিত ছিলেন, তবে ইসরায়েলি জিজ্ঞাসাবাদকারীদের মূল লক্ষ্য ছিল নিখোঁজ বৈমানিক রন আরাদের অবস্থান সম্পর্কে তথ্য উদ্ধার করা।
রন আরাড বহু বছর আগে লেবাননের আকাশে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ হন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর একমাত্র নিখোঁজ সদস্য হিসেবে তার ফাইল খোলা রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইসরায়েল সরকার গত চার দশক ধরে নানা ধরনের কূটনৈতিক, গোয়েন্দা এবং সামরিক প্রচেষ্টা চালিয়ে আসছে। ইহুদি ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত এই বিষয়টি ইসরায়েলি জনগণের কাছে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগের এবং সেনাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
জেনারেল সাবেরিকে অপহরণের এই চাঞ্চল্যকর ঘটনা প্রমাণ করে যে, ঘটনার চার দশক পরেও ইসরায়েল সরকার রন আরাদের সন্ধান পেতে কতটা মরিয়া। এই দীর্ঘ অনুসন্ধান প্রক্রিয়াকে কেন্দ্র করে এর আগে বিভিন্ন বই, প্রামাণ্যচিত্র এবং সংবাদ নিবন্ধ প্রকাশিত হয়েছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং গোয়েন্দা যুদ্ধের এক রোমাঞ্চকর অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।




