যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করার এক অস্বাভাবিক হিড়িক লক্ষ্য করা গেছে। বোতলজাত পানি, ক্যানজাত খাবার, রান্নার গ্যাস বা প্রপ্রেন, বিদ্যুৎ উৎপাদনের জেনারেটর এবং ক্যাম্পিংয়ের বিভিন্ন সরঞ্জাম বর্তমানে দেশটির সুপারমার্কেট ও বিপণন কেন্দ্রগুলোর কার্টে উপচে পড়ছে। প্রয়োজনীয় সেবা খাত ভেঙে পড়ার কাল্পনিক আশঙ্কায় ভোক্তারা এই সংকটকালীন কেনাকাটায় ঝুঁকেছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদানুযায়ী, দেশটির শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ যেমন ওয়ালমার্ট, কস্টকো এবং ট্র্যাক্টর সাপ্লাইয়ের মতো বড় বড় প্রতিষ্ঠানে গত কয়েক সপ্তাহ ধরে এই অস্বাভাবিক কেনাকাটার প্রবণতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত বিভ্রাট, সরকারি বিভিন্ন সচেতনতামূলক বার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভীতিকর দাবির সংমিশ্রণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতীতে এই ধরনের প্রস্তুতি মূলত চরম বিপদের আশঙ্কা করা কিছু মানুষের মধ্যে সীমিত থাকলেও বর্তমানে তা বৃহত্তর আমেরিকান সমাজে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান এই উদ্বেগের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উপ-রাষ্ট্রপতি জেডি ভেন্সকে পর্যন্ত প্রকাশ্যে বিবৃতি দিতে হয়েছে। তারা আমেরিকানদের আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের বড় বিপর্যয় বা সামগ্রী মজুত করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
দেশটির বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর তথ্যে এই প্রবণতার সত্যতা মিলছে। ওয়ালমার্টের প্রধান আর্থিক কর্মকর্তা জন ডেভিড রেইনি ব্লুমবার্গকে জানান, চলতি মাসের শুরু থেকেই গ্রাহকরা অতিরিক্ত প্রপ্রেন, বোতলজাত পানি এবং ক্যাম্পিং সরঞ্জাম সংগ্রহ করছেন। কস্টকোর প্রধান আর্থিক কর্মকর্তা গ্যারি মিলারচিপও নিশ্চিত করেছেন যে তাদের দোকানে চাল, ক্যানজাত খাবার ও পানির বিক্রি নাটকীয়ভাবে বেড়েছে। গত অক্টোবর মাসের শেষ দিক থেকে মার্কিন বিক্রয় ডেটায় দেখা গেছে যে চাল, ক্যানজাত খাবার, পানি, কাগজজাত পণ্য, জেনারেটর এবং ব্যাটারির চাহিদা ঊর্ধ্বমুখী।
চিরাচরিত খুচরা শৃঙ্খলের বাইরে অনলাইনে জরুরি প্রস্তুতিমূলক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান 'সারভাইভাল ফ্রগ'-এর বিক্রির পরিমাণ গত ২৭ অক্টোবরের পর তিন সপ্তাহের ব্যবধানে প্রায় ৪৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, গত এক মাসে 'জরুরি সামগ্রী' বা 'ইমার্জেন্সি সাপ্লাইস' খোঁজার হার গত বছরের একই সময়ের তুলনায় ৩০০ শতাংশ বেড়েছে।
এই আকস্মিক কেনাকাটার পেছনে একক কোনো কারণ ছিল না; বরং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে জনমনে জন্ম নেওয়া বিভিন্ন উদ্বেগের ফল এটি। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষক নিক মোদির মতে, গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে পেন্টাগনের একটি সামরিক প্রস্তুতিমূলক নির্দেশিকা জারির পর থেকেই এর সূত্রপাত হয়। পেন্টাগনের সেই নির্দেশিকাটিকে টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করে প্রচার করা হয় যে যুক্তরাষ্ট্র ৯০ দিনের দীর্ঘ ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নিচ্ছে।
যুক্তরাজ্য, জাপান, জার্মানি এবং নরওয়ের মতো দেশগুলোর জরুরি প্রস্তুতিমূলক প্রচারণার খবরও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। বিশেষ করে একটি ভাইরাল দাবি ছড়িয়ে পড়ে যে ১৭ নভেম্বর থেকে দেশজুড়ে একটানা ৯০ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এমনকি এডিটিং করা ভুয়া ভিডিওর মাধ্যমে প্রচার করা হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প এই শাটডাউনের ঘোষণা দিয়েছেন। তবে পলিটিফ্যাক্টসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হয়েছে যে এসব দাবির পেছনে কোনো সত্যতা ছিল না এবং এগুলো সম্পূর্ণ গুজব।
এই গুঞ্জন ও বিভ্রান্তির পালে হাওয়া দেয় ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমা কর্তৃক ১৭ নভেম্বর পরিচালিত একটি দেশব্যাপী জরুরি সতর্কতা পরীক্ষা। ফেডারেল কমিউনিকেশনস কমিশনের সঙ্গে সমন্বয় করে এই মহড়া পরিচালনা করেছিল ফেমা। এটি দেশের জরুরি সতর্কতা ব্যবস্থার সক্ষমতা যাচাইয়ের একটি নিয়মিত রুটিন কার্যক্রম, যা প্রতি তিন বছরে অন্তত একবার পরিচালনা করা বাধ্যতামূলক। তবে ভুল ব্যাখ্যা ও অপপ্রচারের কারণে সাধারণ মানুষ এটিকে আসন্ন কোনো বড় সংকটের আলামত হিসেবে ধরে নিয়ে প্যানিক বাইংয়ে জড়িয়ে পড়ে।

