মালয়েশিয়ার পেনাং উপকূলে উইন্ডসার্ফিং করতে গিয়ে নিখোঁজ হওয়া ৭৪ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (operations and rescue division) জন সাগুন ফ্রান্সিস জানিয়েছেন, নিখোঁজ হওয়ার একদিন পর রোববার সকালে স্ট্রেইটস কি রিটেল মারিনা এলাকার পাথুরে তীরে ড. খাও চুন সেইন নামের ওই ব্যক্তির মরদেহ ভেসে আসে। সকাল ৯টা ৫৬ মিনিটে তার মরদেহটি উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, পেনাংয়ের তাঞ্জুং বুংগাহ এলাকার চাইনিজ সুইমিং ক্লাবের নিকটবর্তী সমুদ্রে উইন্ডসার্ফিং করার সময় ওই প্রবীণ ব্যক্তি নিখোঁজ হন। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় এক সাধারণ নাগরিকের কাছ থেকে জরুরি কল পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। নিখোঁজ ব্যক্তির সন্ধানে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয় সকাল ৯টায়।
উদ্ধার অভিযানে প্রায় ৯৪.৭৬ বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে চিরুনি অভিযান চালানো হয়। এই বিস্তীর্ণ এলাকাকে সমুদ্রের পাঁচটি এবং আকাশের একটিসহ মোট ছয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মেডিকেল কর্মকর্তা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে ড. খাও চুন সেইনের মরদেহ ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। উপকূলীয় এই মর্মান্তিক দুর্ঘটনার পর জলীয় ক্রীড়া ও বিনোদনপ্রেমীদের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




