ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরের সালগাদো ফিলহো আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর ঘটনা ঘটেছে। বিমান থেকে সব যাত্রী নিরাপদে নেমে যাওয়ার পর ৭ বছর বয়সী এক শিশুকে ক্যাবিনের ভেতরে একা ফেলে যান তার পরিবারের সদস্যরা। গত শনিবার বিকেলে সাও পাওলোর গুয়ারুলহোস থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিমানবন্দর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার সূত্রপাত হয় যখন বিমানের পাইলট কেবিন চেক করার সময় দেখতে পান যে একটি শিশু সিটে একা রয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তিনি গ্রাউন্ড কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করেন এবং পরিস্থিতি জানিয়ে একজন গ্রাউন্ড কর্মীর সহায়তা চান। পাইলটের কথপোকথনের সেই অডিও বার্তা পরবর্তীতে প্রকাশ পায়, যেখানে তাকে বলতে শোনা যায় যে একটি পরিবার বিমান থেকে নামার সময় তাদের সন্তানকে ভুলবশত ভেতরেই ফেলে গেছে। তবে নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে শিশুটির পরিবার বা তার অভিভাবকদের নাম প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা স্বীকার করে বিমান পরিচালনা প্রতিষ্ঠান লাটাম এয়ারলাইন্স ব্রাজিল একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করে। বিবৃতিতে জানানো হয় যে, সাও পাওলো থেকে পোর্তো আলেগ্রে গামী এলএ থ্রি ফোর টু জিরো (LA3420) ফ্লাইটের অবতরণের পর এই ঘটনা ঘটে। পরিবারের অবহেলার শিকার হওয়া শিশুটিকে বিমান সংস্থার কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফরা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজেদের তত্ত্বাবধানে রাখেন।
প্রায় ১৫ মিনিট ধরে ক্রুদের সুরক্ষায় থাকার পর শিশুটির সঙ্গে পরিবারের সম্পর্ক এবং মায়ের পরিচয় নিখুঁতভাবে যাচাই করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পরই শিশুটিকে নিরাপদে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। বিমান চলাচল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফ্লাইটের শেষ মুহূর্তে এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল, তবে পাইলট ও ক্রুদের সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপে বড় ধরনের কোনো অনভিপ্রেত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।




