চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের দ্বিতীয় দিনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বিশ্ববাসী। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের আগে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সভাপতিত্বে আয়োজিত ঐতিহ্যগত পারিবারিক ফটোসেশনে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের অন্যান্য শীর্ষ নেতারা। বৈশ্বিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে এই সম্মেলন চলছে।
সম্মানের মূল আকর্ষণ হিসেবে আজই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের সর্বকালের প্রথম ত্রিমুখী বৈঠক। বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতির জটিল প্রেক্ষাপটে এই তিন মোড়লের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইউক্রেন সংঘাত, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধের মতো চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই ঐতিহাসিক তিনপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের এই সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি অর্থনীতির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এই ২১টি অর্থনীতি বৈশ্বিক জিডিপির ৬০ শতাংশেরও বেশি এবং বিশ্ব বাণিজ্যের প্রায় অর্ধেক অংশ নিয়ন্ত্রণ করে থাকে। 'একসাথে সমৃদ্ধ হওয়ার জন্য একটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলা' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই দুই দিনের সম্মেলনে প্রযুক্তিগত উদ্ভাবন, ডিজিটাল প্রযুক্তি এবং নিবিড় আঞ্চলিক একীকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
এর আগে বুধবার ভোরে শেনঝেনে পৌঁছানোর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এপেক সিইও সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বৈশ্বিক অর্থনৈতিক শ্লথগতি এবং ভূ-রাজনৈতিক সংকটের এই সময়ে বিশ্বনেতাদের এই সম্মিলন এবং ত্রিমুখী সংলাপ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি আনতে পারে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।


