প্রবল ঘূর্ণিঝড় 'আকভান' অন্ধ্রপ্রদেশের অধিকাংশ অংশ এড়িয়ে ওড়িশার দক্ষিণ উপকূলের গোপালপুর সংলগ্ন এলাকায় ২০ নভেম্বর আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তা সত্ত্বেও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)-এর অমরাবতী কেন্দ্র ওড়িশা সীমান্তবর্তী অন্ধ্রপ্রদেশের শ্রীকাগুলম ও বিজয়নগরম জেলায় লাল সতর্কতা জারি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শ্রীকাগুলম জেলার বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৩৫ মিলিমিটারের কম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আইএমডি অমরাবতীর পরিচালক কে. নাগা রত্নম গণমাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাত থেকে বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং তা শুক্রবার দুপুর বা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই দুটি জেলায় বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতির আরও অবনতি ঘটিয়ে মধ্যরাতের দিকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে প্রমত্ত হাওয়া বা গেইল বয়ে যেতে পারে। এর আগে থেকেই উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে চলেছে। পাশাপাশি পার্বতীপুরম-মান্যম, বিশাখাপত্তনম, আল্লুরি সিতারামা রাজু এবং আনাকাপল্লি জেলায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রাজ্যের বাকি অংশে শুক্রবার বড় ধরনের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই নিম্নচাপটি শ্রীকাগুলম থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে ওড়িশার গোপালপুর উপকূলের দিকে অগ্রসর হলেও, উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের একেবারে শেষ প্রান্তেও এটি আঘাত হানার সামান্য আশঙ্কা রয়ে গেছে। আইএমডি-র সর্বশেষ বুলেটিন অনুযায়ী, 'আকভান' ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এটি অন্ধ্রপ্রদেশের নারসাপুরের পূর্ব-দক্ষিণ পূর্বে ৩৯০ কিলোমিটার এবং কাল্লিপাটনামের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৩২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়া এটি ওড়িশার গোপালপুর থেকে ৪১০ কিলোমিটার এবং পুরী থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণে এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে ৬১০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে অবস্থান করছে।
প্রত্যাশিত পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুরের মধ্যে সর্বাধিক ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে এবং সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়াসহ গোপালপুর উপকূল অতিক্রম করতে পারে। ঝড়ের প্রভাবে কাকিনাড়া, বিজয়নগরম, শ্রীকাগুলম এবং বিশাখাপত্তনম জেলার উপকূলীয় নিম্নঞ্চলগুলো জোয়ারের পানির চেয়ে ০.৫ থেকে ১.০ মিটার উঁচুতে জলোচ্ছ্বাসের কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

