ব্রাজিলের সেরজিপে রাজ্যের রাজধানী আরাজু এবং এর সংলগ্ন দুটি পৌর এলাকায় তীব্র খরা ও বৃষ্টির ঘাটতির কারণে পানির রেশনিং বা সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার চরম প্রতিকূলতা এবং এল নিনো জলবায়ুপ্রবাহের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত আরাজু ও সাঁও ক্রিস্তোভাঁওয়ের কিছু অংশ এবং পুরো নসসা সেনহরা দো সোকোরো শহরে এই রেশনিং কার্যকর করা হয়েছে, যার ফলে প্রায় তিন লাখ মানুষ সরাসরি পানি সংকটের মুখোমুখি হয়েছেন।
দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে গেছে। আকস্মিক এই পদক্ষেপে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। স্থানীয় গৃহিণী জানিন দে সোউসা জানান, তার বাড়িতে একটিমাত্র ছোট পানির রিজার্ভার রয়েছে এবং রেশনিংয়ের এই সংকট মোকাবেলায় তাকে দ্রুত নতুন একটি পানির ট্যাংক কিনে বসাতে হবে। একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয় এক বেকারির মালিক জোসে রদ্রিগেস দো নাসিমেন্তো। তিনি জানান, পানির অপচয় রোধে তারা কর্মচারীদের কঠোর নির্দেশনা দিয়েছেন, যাতে কলের টেপ খোলা না রাখা হয় এবং মেঝে ধোয়ায় অতিরিক্ত পানি ব্যবহার না করে সুতি কাপড় দিয়ে মুছে নেওয়া হয়।
সেরজিপে স্যানিটেশন কোম্পানির টেকসই উন্নয়ন বিষয়ক সুপারিনটেনডেন্ট জোয়াও গাব্রিয়েল আলমেইদা দে কাম্পোস জানিয়েছেন, এই সংকটের মূল কারণ হলো বৃষ্টিপাত না হওয়া এবং এর সাথে এল নিনোর নেতিবাচক প্রভাব। আরাজু অঞ্চলের ৩০ শতাংশ এলাকায় পানি সরবরাহকারী পোকসিম বাঁধের পানির রিজার্ভ গত আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো— আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই এ বছর বাঁধের পানির মজুত সর্বনিম্ন সতর্কতা স্তরে পৌঁছে গেছে।
জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের ফলে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পানি সরবরাহকারী কর্তৃপক্ষ সাধারণ জনগণকে চরম সচেতনতার সাথে পানি ব্যবহারের আহ্বান জানিয়েছে। যদি শিগগিরই পর্যাপ্ত বৃষ্টিপাত না হয়, তবে এই অঞ্চলের জনজীবন ও অর্থনৈতিক কার্যক্রমে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


