ইরানের প্রক্সি নেটওয়ার্কগুলোকে নিষ্ক্রিয় করার অংশ হিসেবে লেবাননের তিন ব্যক্তি এবং তিনটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ বিভাগ থেকে জানানো হয়েছে যে, এই পদক্ষেপে হিজবুল্লাহর সাথে জড়িত বিভিন্ন আর্থিক ও দাতব্য কার্যক্রমকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মার্কিন অর্থ বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর (ওএফএসি) হুয়ান বা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত ‘ওয়া তা’আওয়ানু অ্যাসোসিয়েশন’ নামক দাতব্য সংস্থাকে কালোতালিকাভুক্ত করেছে। মূলত মানবিক সেবার আড়ালে এই সংস্থাটি হিজবুল্লাহর নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। একই সাথে ওএফএসি লেবানন ও তুরস্কে সক্রিয় একটি স্বর্ণ ও নগদ অর্থ পাচারকারী নেটওয়ার্কের সাথে যুক্ত ব্যক্তিদেরও এই নিষেধাজ্ঞার আওতায় এনেছে। এই চোরাচালান চক্রটি মূলত হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-কুদস ফোর্সের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে।
মার্কিন অর্থ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত তা’আওয়ানু অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং দুই লেবানিজ সহোদরকে টার্গেট করা হয়েছে, যারা এই ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে আসছিলেন। ওয়াশিংটনের মতে, এই চক্রগুলো লেবাননের অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীর অর্থায়ন নিশ্চিত করে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ বিষয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, হিজবুল্লাহর মতো সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার তেহরানের যেকোনো অপচেষ্টা যুক্তরাষ্ট্র কখনো বরদাস্ত করবে না। তিনি আরও যোগ করেন যে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন প্রবাহ বন্ধ করতে মার্কিন প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই নিষেধাজ্ঞাগুলো মধ্যপ্রাচ্যে ইরানের অর্থনৈতিক ও কৌশলগত চালিকাশক্তিগুলোকে দুর্বল করার বৃহত্তর মার্কিন কৌশলেরই একটি অংশ। এর ফলে হিজবুল্লাহ ও তার সহযোগীদের আন্তর্জাতিক আর্থিক লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে ধারণা করা হচ্ছে।

