কুয়ালালামপুর থেকে চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগ জানায়, প্রধানমন্ত্রী দপ্তরের (ফেডারেল টেরিটোরিজ) মন্ত্রী হান্না ইয়েও দাবি করেছেন যে, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে আজ মন্ত্রিসভা থেকে তাঁর নিজেরও পদত্যাগ করা উচিত ছিল। তবে ডিএপির সেক্রেটারি-জেনারেল অ্যান্থনি লকের বিশেষ অনুরোধে দলের অন্য মন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারে থেকে গেছেন, যাতে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা যায় এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে হান্না ইয়েও উল্লেখ করেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি পূরণের তাগিদেই তাদের দলীয় প্রধান তাঁদের সরে দাঁড়াতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই রাজনৈতিক পরিস্থিতির মূল্য দিতে হলো খোদ অ্যান্থনি লকেই। কুয়ালালামপুর হাই কোর্টের এক রায়ের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাককে এসআরসি ইন্টারন্যাশনাল দুর্নীতির মামলার অবশিষ্ট কারাবাস গৃহবন্দী অবস্থায় কাটানোর অনুমতি দেওয়া হয়।
এর আগে গত সেপ্টেম্বর মাসে নাজিব রাজাককে রাজকীয় ক্ষমার মাধ্যমে শর্তসমুক্তি দেওয়ার পর থেকেই অ্যান্থনি লকে তাঁর পদত্যাগের প্রাথমিক ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত অনুরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি সাময়িকভাবে নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ডিএপির শীর্ষ নেতৃত্বেরও ঐকমত্য ছিল যে, দেশের বৃহত্তর স্বার্থে ও চলমান জনহিতকর কাজগুলো সম্পন্ন করতে দলের প্রতিনিধিরা সরকারে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
তবে আদালতের সাম্প্রতিক রায়ের প্রেক্ষাপটে অ্যান্থনি লকে তাঁর মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্র জমা দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদত্যাগ দেশের বর্তমান শাসক জোটে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা দিয়েছে এবং জোটের অভ্যন্তরীণ ভারসাম্যে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। ডিএপি নেতৃত্ব এখন উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দলের পরবর্তী কৌশল নির্ধারণে বৈঠকে বসেছে।


