স্পেনে দ্রুত পরিবর্তন ঘটছে বয়স্ক জনগোষ্ঠীর কাঠামোর। দেশটির রাষ্ট্রীয় গবেষণা সংস্থা সুপিরিয়র কাউন্সিল অব সায়েন্টিফিক রিসার্চের (সিএসআইসি) অধীন অর্থনীতি, ভূগোল ও জনমিতি ইনস্টিটিউটের (আইইজিডি) সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এক অভূতপূর্ব চিত্র। 'স্পেনে প্রবীণ ব্যক্তিদের একটি প্রফাইল ২০২৬' শীর্ষক এই গবেষণায় গবেষকরা উল্লেখ করেছেন যে, দেশটি বর্তমানে বার্ধক্যের এক বিশাল জোয়ার বা সুনাবির মুখোমুখি হয়েছে, যার নেতৃত্বে রয়েছে এক ভিন্নধর্মী বা 'নতুন বার্ধক্য' সমাজ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে স্পেনে ৬৫ বছরের বেশি বয়সীরা মোট জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ বা ২০ শতাংশ, যার সংখ্যা ১ কোটিরও বেশি। জনমিতি বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কুড়ি বছরের মধ্যেই এই সংখ্যা ১৬ মিলিয়নে বা ১ কোটি ৬০ লাখে গিয়ে ঠেকবে, যা মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। এই গবেষণার অন্যতম সমন্বয়ক ও বিশিষ্ট জনমিতিবিদ হুলিও পেরেজ দিয়াজ জানিয়েছেন, স্পেনের এই জনসংখ্যাগত বিপ্লবের প্রধান চালিকাশক্তি হলো এমন এক প্রবীণ প্রজন্ম, যারা আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি আধুনিক ও সচেতন।
এই নতুন প্রবীণ সমাজ মূলত সেসব অবসরপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে গঠিত, যারা অন্তত মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন এবং কর্মজীবনে বেতনের বিনিময়ে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। এছাড়া তারা সমাজে নিজেদের সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। গবেষকদের মতে, প্রবীণদের সম্পর্কে পুরোনো এবং সেকেলে ধারণাগুলো থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। অতীতে বয়স্ক মানেই দরিদ্র, নিরক্ষর বা স্বল্পশিক্ষিত এবং পরনির্ভরশীল কোনো অবয়ব কল্পনা করা হতো; অথচ বর্তমান প্রবীণরা অনেক বেশি স্বাবলম্বী ও প্রযুক্তিবান্ধব।
অবশ্য প্রবীণ জনগোষ্ঠীর বিশাল এই বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক সহায়তার প্রয়োজনীয়তা যে ফুরিয়ে যায়নি, সে কথাও স্পষ্ট করেছেন গবেষকরা। বয়স্ক নাগরিকদের একটি বড় অংশের ক্ষেত্রে সেবা ও সহায়তার প্রয়োজনীতা অবশ্যই থাকবে, তবে তাদের সক্ষমতা ও জীবনযাত্রার মানে এসেছে বড় ধরনের রূপান্তর। ইন্টারনেট ব্যবহার এবং দৈনন্দিন জীবনে ডিজিটাল মাধ্যমের ওপর তাদের নির্ভরতা প্রমাণ করে যে স্পেনের প্রবীণ সমাজ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
এই জনমিতিক পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে দেশটির অর্থনীতি, শ্রমবাজার এবং সামাজিক নীতিমালার ওপর। সরকারের নীতিনির্ধারক ও পরিকল্পনাবিদদের এখন এই উদীয়মান 'নতুন প্রবীণ' সমাজের চাহিদাকে মাথায় রেখে দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়ন করতে হচ্ছে। চিত্রা পোস্টের আন্তর্জাতিক বার্তা বিভাগের বিশ্লেষণে দেখা যায়, উন্নত বিশ্বের অনেক দেশই বর্তমানে একই ধরনের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জের মুখোমুখি, যেখানে স্পেনের এই গবেষণা একটি নতুন দিকদর্শন হিসেবে কাজ করতে পারে।

