নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিংবা লিম্ফেটিক ড্রেনেজ ম্যাসাজের মতো নানা চেষ্টা সত্ত্বেও অনেক নারীই তাদের শরীরের নির্দিষ্ট কিছু অংশের চর্বি কমাতে ব্যর্থ হন। বিশেষ করে পা, উরু কিংবা নিতম্বে অতিরিক্ত চর্বি জমার সঙ্গে যদি ব্যথা, ভারী ভাব এবং অতিরিক্ত সংবেদনশীলতা থাকে, তবে তা কেবল সাধারণ শারীরিক গঠন বা অতিরিক্ত ওজন হিসেবে ধরে নেওয়া ভুল হতে পারে। এসব লক্ষণের নেপথ্যে থাকতে পারে 'লাইপেডেমা' (Lipedema) নামক একটি দীর্ঘস্থায়ী ও জটিল রোগ।
চিকিৎসা বিজ্ঞান ও বিশেষজ্ঞদের মতে, চর্বি ও সংযোগকারী কলার এই ক্রনিক রোগটি প্রায় একচেটিয়াভাবে নারীদেরই আক্রান্ত করে থাকে। এই রোগের মূল বৈশিষ্ট্য হলো শরীরের নিচের অংশে, অর্থাৎ পা এবং উরুতে এবং কিছু ক্ষেত্রে হাতেও অ্যাডিপোজ টিস্যু বা চর্বিযুক্ত কলার অসামঞ্জস্যপূর্ণ এবং সাধারণত প্রতিসম বা সিমেট্রিক্যাল বৃদ্ধি ঘটে। এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হলো, লাইপেডেমা স্বাভাবিক ওজনের নারীদেরও হতে পারে এবং আবার স্থূলতার সঙ্গেও সহাবস্থান করতে পারে। ফলে কেবল শরীরের বাহ্যিক রূপ কিংবা ওজনের কাঁটার সংখ্যা দেখে এই রোগটি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়।
লাইপেডেমা অ্যান্ড উইমেন ইনস্টিটিউট (Instituto del Lipedema y de la Mujer)-এর বিশেষজ্ঞরা এই রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য পাঁচটি প্রধান লক্ষণের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো শরীরের অনুপাতে অসামঞ্জস্যতা। এই সমস্যায় আক্রান্তদের পা, উরু বা নিতম্বে সুষম বা প্রতিসম উপায়ে চর্বি জমতে থাকে, অথচ শরীরের উপরিভাগ বা ধড়ের অংশটি সম্পূর্ণ ভিন্ন অনুপাতে থাকতে পারে। এছাড়া হাতের বাহুতেও এর প্রভাব পড়তে পারে, যদিও ক্ষেত্রবিশেষে হাত ও পায়ের পাতার অংশগুলো এই সমস্যা থেকে তুলনামূলক মুক্ত থাকে।
এই দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যাটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ অনেক সময়ই এটিকে সাধারণ ওজন বৃদ্ধি বা স্থূলতা ভেবে ভুল করা হয়, যার ফলে সঠিক চিকিৎসা এবং সময়মতো পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়ে ওঠে না। সঠিক সময়ে রোগটি চিহ্নিত করতে না পারলে ভুক্তভোগীদের শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যদি কোনো নারী তার শরীরের গঠনগত এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ পরিবর্তন লক্ষ করেন এবং সাধারণ উপায়ে চর্বি কমানোর চেষ্টা ব্যর্থ হয়, তবে অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সঠিক রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা পদ্ধতি গ্রহণের মাধ্যমে এই ক্রনিক সমস্যার সঙ্গে জীবনযাপন কিছুটা সহজ করা সম্ভব হতে পারে।


