কলম্বিয়ায় মডেল ও গ্রাফিক ডিজাইনার নাটালিয়া ভিলহালবা আনগারিতাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক ব্রিটিশ চিকিৎসকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। দীর্ঘ পাঁচ মাস ধরে চলা তদন্তের পর দেশটির আইন প্রয়োগকারী সংস্থা এই পদক্ষেপ নেয়। অভিযুক্ত ম্যাথিউ ফস্টার-স্মিথ যুক্তরাজ্যের ডরসেটের পুল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নারী হত্যা বা ফেমিসাইড এবং আলামত নষ্ট বা গোপনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে, যেগুলোতে দেশটিতে সর্বোচ্চ ৫০ বছরের কারাদণ্ড হতে পারে।
ঘটনার সূত্রপাত গত ২২ জুন, যখন কলম্বিয়ার রাজধানী বোগোটায় নিহত নাটালিয়ার ভাড়া করা অ্যাপার্টমেন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মীরা প্রবেশ করেন। অ্যাপার্টমেন্টটির চুক্তির মেয়াদ চার দিন আগে শেষ হলেও ভেতরে প্রবেশ করে তারা মর্মান্তিক দৃশ্যের মুখোমুখি হন। বাথরুমে চলমান শাওয়ারের নিচে একটি ধূসর রঙের স্যুটকেসের ভেতর থেকে ৩৬ বছর বয়সী এই মডেলের ক্ষতবিক্ষত ও খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১৮ জুন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা।
তদন্তকারী সূত্রে জানা গেছে, নাটালিয়াকে প্রথমে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মরদেহ খণ্ডিত করে স্যুটকেসে ভরে রাখা হয়। বাথরুমে চালু থাকা শাওয়ারের পানির কারণে মরদেহের পচন দ্রুত ত্বরান্বিত হয়েছিল, যা পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ সংগ্রহ করা কঠিন করে তোলে। ঘটনার পরদিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গত ২৬ জুন প্রতিবেশী দেশ ইকুয়েডরের কুইটো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফস্টার-স্মিথকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কলম্বিয়ায় ফিরিয়ে আনা হয়।
এর আগে যুক্তরাজ্যে স্টকিং বা উত্ত্যক্ত করার অপরাধে কারাভোগ করেছিলেন এই চিকিৎসক। তবে গ্রেপ্তারের পর তিনি নিজেকে নির্দোষ দাবি করে অদ্ভুত সব যুক্তি হাজির করেছিলেন। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সময় তিনি একটি আইরিশ বারে বসে বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন এবং তার কাছে এর ছবি ও প্রমাণ রয়েছে। যদিও তদন্তে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে তাকে নাটালিয়ার ফ্ল্যাটের বাইরে ফ্লোর পরিষ্কার করতে এবং সন্দেহজনকভাবে বাইরে উঁকি দিতে দেখা গেছে।
আসন্ন বিচার প্রক্রিয়ায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভবনের এক রিসাইক্লিং কর্মী, যিনি রক্তমাখা পোশাকভর্তি একটি কালো ব্যাগ উদ্ধার করেছিলেন, এবং সেই গৃহকর্মী যিনি প্রথম অ্যাপার্টমেন্টে রক্তের দাগ ও স্যুটকেসবন্দী মরদেহ দেখতে পেয়েছিলেন। কলম্বিয়ার ন্যাশনাল ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটের পরিচালক অ্যারিয়েল কর্টেস এর আগে নিশ্চিত করেছিলেন যে মাথায় মারাত্মক আঘাতের ফলেই নাটালিয়ার মৃত্যু হয়েছিল। এই চাঞ্চল্যকর মামলার বিচার কাজ এখন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে।

