বাংলাদেশে প্রায় দেড় দশকেরও বেশি সময় শিক্ষকতা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকার পর এবার এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক নিবেদিতপ্রাণ শিক্ষক। দীর্ঘ কর্মজীবন পেছনে ফেলে তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে, যেখানে পেশাগত পরিচয় বদলে গেছে পুরোপুরি—শিক্ষক থেকে তিনি এখন বতর্মান বিশ্বের অন্যতম উন্নত শিক্ষাব্যবস্থার একজন নিয়মিত শিক্ষার্থী। এই পরিবর্তন কেবল শ্রেণিকক্ষের চার দেয়াল বদল নয়, বরং এটি দীর্ঘদিনের পরিচিত কাঠামোর বাইরে গিয়ে অন্য একটি দেশের শিক্ষা পদ্ধতিকে একুশ শতকের শিক্ষার্থীর দৃষ্টিতে অবলোকন করার এক বিরল সুযোগ। নিজের সেই অভিজ্ঞতা ও অনুভূতি এখন শিক্ষানুরাগী মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শিক্ষক হিসেবে এই যাত্রার পূর্বাপর পটভূমি বেশ বর্ণাঢ্য ও দীর্ঘ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১১ সালে তিনি অত্যন্ত প্রতিযোগিতামূলক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এরপর দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশের তিনটি স্বনামধন্য সরকারি কলেজ—যশোরের মাইকেল মধুসূদন কলেজ, খুলনার ব্রজলাল কলেজ এবং খুলনা সরকারি কলেজে পাঠদান করেছেন। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তর কিংবা উচ্চমাধ্যমিক স্তরই নয়, বরং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকল্পে মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করার সুবাদে দেশের শিক্ষাব্যবস্থার ভেতরের দিকগুলো গভীরভাবে দেখার সুযোগ হয়েছিল তাঁর।
পেশাগত জীবনের একটি বড় অংশ জুড়ে তিনি যুক্ত ছিলেন শিক্ষক প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে। মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কলেজ, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কলেজ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজে প্রশিক্ষক হিসেবে তাঁর রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। শিক্ষার্থী হিসেবে বিদেশযাত্রার প্রাক্কালে তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এত বড় মাপের একজন প্রশিক্ষক ও শিক্ষক যখন নিজেই শ্রেণিকক্ষে একজন সাধারণ শিক্ষার্থীর আসনে বসেন, তখন তাঁর অনুভবে শিক্ষণ ও শিখন প্রক্রিয়ার বহুমুখী রূপ ধরা পড়ে।
চল-চলতি ২০২৬ সালের জানুয়ারি শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের (ইউডব্লিউএস) লন্ডন ক্যাম্পাসে মাস্টার অব এডুকেশন ইন এডুকেশনাল স্টাডিজ বিষয়ে পড়াশোনা শুরু করেছেন এই বাংলাদেশি শিক্ষক। এই অভিজাত ক্যাম্পাসে পা রাখার পর থেকেই শুরু হয়েছে তাঁর জীবনের নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরে যারা অন্যকে জ্ঞান বিতরণ করেছেন, আজ তারা কৌতূহলী দৃষ্টিতে শুনছেন আন্তর্জাতিক মানের লেকচার, অংশ নিচ্ছেন জটিল একাডেমিক ডিবেট এবং গ্রুপ স্টাডিতে। এই রূপান্তর কেবল ব্যক্তিগত অর্জনের নয়, এটি বাংলাদেশের একজন অভিজ্ঞ পেশাজীবীর আন্তর্জাতিক মানদণ্ডে নিজেকে ঝালিয়ে নেওয়ার এবং বৈশ্বিক জ্ঞানভাণ্ডার থেকে শিক্ষা গ্রহণের এক অনন্য দৃষ্টান্ত।
যুক্তরাজ্যের এই আধুনিক শিক্ষাব্যবস্থায় এসে তিনি প্রত্যক্ষ করছেন শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার বিশাল পরিধি, যেখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রয়োগ, স্বাধীন চিন্তা এবং গবেষণার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন আধুনিক ধারা ও কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করে তিনি ভবিষ্যতে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন দেখেন। তাঁর এই অভিজ্ঞতা শুধু তাঁর নিজের ক্যারিয়ারেই নয়, বরং দেশের সামগ্রিক শিক্ষা খাত ও শিক্ষক প্রশিক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই দূরহ অথচ অনুপ্রেরণাদায়ক পথচলা প্রমাণ করে যে, শেখার কোনো বয়স বা নির্দিষ্ট পর্যায় নেই; একজন আদর্শ শিক্ষক আজীবনই একজন নিবেদিতপ্রাণ শিক্ষার্থী।





