থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি চারতলা বাণিজ্যিক ভবনে আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার ভোরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও জরুরি সেবা বিভাগ নিশ্চিত করেছে।
ফুকেটের জনপ্রিয় পাটোং এলাকার পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে তিনটার দিকে চারতলা ওই বাণিজ্যিক ভবনটিতে হঠাৎ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি মোটরসাইকেল ভাড়া দেওয়ার দোকান পরিচালিত হতো এবং ওপরের তলাগুলোতে লোকজন বসবাস করতেন। দাহ্য পদার্থ ও আসবাবপত্র থাকায় মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর দীর্ঘ দুই ঘণ্টার কঠিন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে স্থানীয় থাই নাগরিকের পাশাপাশি মিয়ানমারের বেশ কয়েকজন নাগরিকও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহত ১৬0 জনকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক ত্রুটি বা রাস্তার পাশের কোনো ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। থাই কর্তৃপক্ষ এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ফরেনসিক তদন্ত শুরু করেছে। পর্যটন এলাকায় এ ধরনের ভবনের অগ্নিঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।




