হংকংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির মারাত্মক অভিযোগে অভিযুক্ত সাবেক রয়্যাল মেরিন ও ম্যাথু ট্রিকেট আত্মহত্যার পথ বেছে নেন। বার্কশায়ার করোনিয়ার কোর্টের এক জুরি শুনানিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, বেসরকারি নিরাপত্তা ও সেবা প্রদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান সার্কো সময়মতো তার বাড়ির ঠিকানা খুঁজে বের করতে এবং ইলেকট্রনিক ট্যাগ লাগাতে ব্যর্থ হওয়ায় এই মর্মান্তিক ঘটনা ত্বরান্বিত হয়। ৩৭ বছর বয়সী ম্যাথু ট্রিকেট একজন প্রাইভেটে ইনভেস্টিগেটর এবং একাধিক পুরস্কারপ্রাপ্ত অ্যাটাচমেন্ট কমান্ডার ছিলেন। এছাড়া তিনি হোম অফিসের ইমিগ্রেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের ১৯ মে তাকে তার নিজের বাড়ির কাছের একটি পার্ক থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন এক পথচারী। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় হংকংয়ের ইন্টেলিজেন্স সার্ভিসের জন্য কাজ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তার বিচার কার্যক্রম শুরু হয়েছিল।
শুনানিতে প্রকাশিত তথ্যানুযায়ী, পুলিশি হেফাজতে থাকাকালীন ম্যাথু ট্রিকেট আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং মুক্তি পেলে নিজের জীবন শেষ করে দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রসিকিউশন পক্ষ আদালতের কাছে স্পষ্টভাবে জানিয়েছিল যে তার কল্যাণের জন্য তাকে যেন পুলিশি হেফাজতেই রাখা হয়। এমনকি তার মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাকে ওল্ড বেইলির পরবর্তী শুনানির আগে হেফাজতে রাখার জোরালো আবেদন করা হয়েছিল। কিন্তু সব সতর্কতা সত্ত্বেও ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে জামিন দেয়। জামিনে মুক্ত থাকার পর তিনি নিয়মিত পুলিশ স্টেশনে হাজিরা দেওয়া এবং কার্ফু মেনে চলার মতো শর্তগুলো সঠিকভাবে পালন করে আসছিলেন। আর্কটিক সার্কেল, ভূমধ্যসাগর, ব্রুনাই এবং আফগানিস্তানে দায়িত্ব পালন করা এই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তারের মাত্র এক সপ্তাহের মধ্যেই বার্কশায়ারের মেইডেনহেড পার্ক মৃত অবস্থায় পাওয়া যান।
বার্কশায়ার করোনিয়ার কোর্টের জুরিবোর্ড জানিয়েছে, ব্রিটিশ বহুজাতিক কোম্পানি সার্কোর ফিল্ড অপারেটররা একাধিক দিন চেষ্টা করেও ম্যাথু ট্রিকেটের সঠিক ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়। অথচ সাধারণ গুগল ম্যাপ সার্চ করলেই তার বাড়িটি অত্যন্ত সহজে খুঁজে পাওয়া সম্ভব ছিল। ঠিকানা খুঁজে না পাওয়ার কারণে তারা তার পায়ে ইলেকট্রনিক ট্যাগ লাগাতে পারেনি। চতুর্থবারের মতো ব্যর্থ হওয়ার পর থেমস ভ্যালি পুলিশকে বিষয়টি জানানো হয় এবং জামিন শর্ত ভঙ্গের নোটিশ জারি করা হয়। ট্রিকেট তার পরিবারকে উদ্দেশ্য করে একটি শেষ চিঠি লিখে রেখেছিলেন, যেখানে ২৩ মের তারিখ দেওয়া ছিল—যা মূলত ক্রাউন কোর্টের শুনানির দিন ছিল। তবে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে এবং পুনরায় গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হতে পারে—এই ভয়ে তিনি তার আত্মহত্যার পরিকল্পনা ত্বরান্বিত করেন এবং চিঠির তারিখ পরিবর্তন করে ১৯ মে করে নেন।
এই মামলার অপর দুই সহ-আসামি পিটার ওয়াই এবং বিল ইউয়েন পরবর্তীতে ওল্ড বেইলিতে দুই মাসব্যাপী দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছেন। তবে ম্যাথু ট্রিকেটের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সিনিয়র করোনিয়ার হেইডি কনর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, আড়াই বছর আগের এই ঘটনা তদন্তকালে আদালতের ভেতরে সাধারণ গুগল ম্যাপের মাধ্যমে খুব সহজেই ট্রিকেটের ঠিকানা খুঁজে পাওয়া গেছে, যা সার্কোর চরম অদক্ষতাকেই প্রমাণ করে। করোনিয়ার পক্ষ থেকে ভবিষ্যতে এমন মৃত্যু রোধে জরুরি প্রতিবেদন প্রকাশ করা হবে এবং সার্কো যদি অপরাধীদের ঠিকানা শনাক্ত করার নিজস্ব সিস্টেমের উন্নয়ন না করে, তবে জনসাধারণের নিরাপত্তার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

