যুক্তরাজ্যের ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ডেভন কাউন্টির বাসিন্দাদের জন্য পানির সরবরাহ নিয়ে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। খরার প্রভাবে জলাধারগুলোর পানি তলানিতে ঠেকেছে, যা যেকোনো মুহূর্তে সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। এই ভয়াবহ পরিস্থিতি এড়াতে এবং তথাকথিত ‘ডে জিরো’ বা পানির চরম ঘাটতির দিন রোধ করতে জরুরি পরিকল্পনা হাতে নিয়েছে সাউথ ওয়েস্ট ওয়াটার। পরিকল্পনা অনুযায়ী, পরিস্থিতি আরও অবনতি হলে ডেভনের বিভিন্ন এলাকায় রেশনের মাধ্যমে পানি সরবরাহ করা হতে পারে, যার ফলে নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহকদের ঘরের কলের পানি বন্ধ রাখা হবে।
গত অক্টোবরের শেষ নাগাদ এক্সমুরের উইম্বলবল জলাধারের পানি ধারণক্ষমতা মাত্র ১৩ শতাংশে নেমে আসে, যা রেকর্ড সর্বনিম্ন মাত্রা। এর আগে গত মাসে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সতর্ক করে জানানো হয়েছিল যে, পর্যাপ্ত বৃষ্টির অভাবে দেশের কিছু জলাধার কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে। এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে বড়দিনের ছুটির আগেই সরকারের পক্ষ থেকে জরুরি আলোচনা শুরু হয়। সরকারের শীর্ষ পর্যায়ের ক্রাইসিস কমিটি বা কোবরা কমিটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এই পানি সংকট মোকাবিলায় সপ্তাহে দুবার নিয়মিত বৈঠক করছে।
পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি ‘যুক্তিসঙ্গত সর্বনিম্ন পরিস্থিতি’ বা রিয়েসনেবল ওয়ার্স্ট-কেস সিনারিও প্রস্তুত করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, পানির স্তর এত নিচে নেমে যেতে পারে যে সাধারণ পরিবারগুলোকে দীর্ঘ সময় ধরে চলমান পানির সুবিধা ছাড়াই দিন কাটাতে হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ডেভনের স্থানীয় কাউন্সিল এবং জরুরি সেবাসহ প্রায় ৬০টি সংস্থা ইতিমধ্যে একসাথে বসে সম্ভাব্য জরুরি পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে।
জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি শুষ্ক আবহাওয়ার কারণে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, কেবল রেশনের মাধ্যমে পানি সরবরাহ সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদে পানির অপচয় রোধ এবং ভূগর্ভস্থ পানির উৎস সুরক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়া জরুরি। স্থানীয় প্রশাসন সাধারণ জনগণকে পানি ব্যবহারে আরও বেশি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


