রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় নতুন এক্সিকিউটিভ শেফ হিসেবে যোগদান করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রন্ধনশিল্পী বাইবি চাকো। হোটেল শিল্পের রন্ধন সংস্কৃতিতে উৎকর্ষ সাধনের লক্ষ্যে এই অভিজ্ঞ রন্ধনশিল্পীকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। দীর্ঘ কর্মজীবনে তিনি কানাডা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ এবং ভারতের বিলাসবহুল হোটেল ও রিসোর্টগুলোতে অত্যন্ত সুনামের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। বৈশ্বিক এই অভিজ্ঞতার ফলে দ্য ওয়েস্টিন ঢাকার রন্ধনশিল্পে এক নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
বাইবি চাকোর সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন বিশ্বের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় হসপিটালিটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। এর মধ্যে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, দ্য লাক্সারি কালেকশন, অটোগ্রাফ কালেকশন, লে মেরিডিয়ান, ওয়েস্টিন, হায়াট রিজেন্সি এবং তাজ হোটেল উল্লেখযোগ্য। রন্ধনশিল্পে উদ্ভাবন, একাধিক ফুড আউটলেট সফলভাবে পরিচালনা এবং অতিথিদের জন্য ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে রয়েছে তার বিশেষ খ্যাতি।
তার রন্ধন পোর্টফোলিওতে রয়েছে খাঁটি ইতালিয়ান খাবার, প্যান-এশিয়ান বিশেষ পদ, প্রিমিয়াম স্টিকহাউস ডিশ এবং সমসাময়িক কানাডিয়ান খাবার। এ ছাড়াও বিলাসবহুল ব্যাংকোয়েট পরিচালনা, বৃহৎ পরিসরের বিবাহ উৎসব এবং বিভিন্ন করপোরেট ইভেন্টে খাবার পরিবেশনে রয়েছে তার দীর্ঘ ও সফল অভিজ্ঞতা। রন্ধনশালার গণ্ডি পেরিয়ে বহুসংস্কৃতির শেফ ও কর্মীদের একটি দল পরিচালনা, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনায় তিনি বরাবরই মুন্সিয়ানা দেখিয়ে আসছেন।
খাদ্যের মান নিয়ন্ত্রণ, সুরক্ষা এবং অতিথিদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে আপসহীন মনোভাবের জন্য রন্ধন অঙ্গনে তার সুখ্যাতি রয়েছে। শুধু খাবার তৈরিই নয়, বরং নতুন রন্ধন প্রতিভা তৈরিতে মেন্টরিং, টেকসই খাদ্য চর্চা বা সাসটেইনেবল ফুড প্র্যাকটিসের প্রসার এবং সামাজিক কল্যাণে খাদ্য অপচয় রোধ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগেও তিনি সক্রিয়ভাবে যুক্ত থাকেন। তার এই বহুমুখী অভিজ্ঞতা ওয়েস্টিনের সামগ্রিক সেবা ও সুস্থতাভিত্তিক জীবনধারার দর্শনের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ।
দ্য ওয়েস্টিন ঢাকায় তার নতুন দায়িত্বের অংশ হিসেবে তিনি হোটেলের সামগ্রিক রন্ধন কার্যক্রম পরিচালনা করবেন। চিন্তাশীল উদ্ভাবন, গুণগত মান এবং স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে হোটেলটির অতিথিদের সেবার মান আরও উন্নত করতে তিনি কাজ করবেন। বাইবি চাকোর এই যোগদান দ্য ওয়েস্টিন ঢাকার রন্ধনশিল্পে উৎকর্ষ বজায় রাখার প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে এবং স্থানীয় ফুড লাভারদের জন্য নতুন ও বৈচিত্র্যময় স্বাদের অভিজ্ঞতা উপহার দেবে।


