মালয়েশিয়ার পেনাং রাজ্যে অনলাইনভিত্তিক বিভিন্ন জালিয়াতি চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৯ থেকে ২৯ অক্টোবরের মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় চালানো ১৪টি পৃথক সাঁড়াশি অভিযানে ১৪১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯ জন স্থানীয় মালয়েশিয়ান নাগরিক এবং বাকিরা বিভিন্ন বিদেশি দেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
পেনাং রাজ্যের পুলিশ প্রধান দাতুক ডেনিস লিম কোয়াং কেং এক সংবাদ সম্মেলনে জানান, রাজ্যটির বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (সিসিআইডি) নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্য ও দীর্ঘ নজরদারির ভিত্তিতে তিমুর লাউত জেলায় পাঁচটি, বারাত দায়া জেলায় ছয়টি এবং সেবেরাং পেরাই তেঙ্গাহ এলাকায় তিনটিসহ মোট ১৪টি স্থানে একযোগে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। তাদের মধ্যে ৯৩ জন চীনের নাগরিক, ২৯ জন ভিয়েতনামের, চারজন জাপানের, তিনজন তাইওয়ানের, দুজন কম্বোডিয়ার, একজন মিয়ানমারের এবং ৯ জন স্থানীয় নাগরিক রয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই চক্রগুলো বিভিন্ন অভিনব কায়দায় বিনিয়োগ জালিয়াতি, প্রেমের ফাঁদ (লাভ স্ক্যাম), পুলিশ কর্মকর্তা সেজে ভয়ভীতি প্রদর্শন এবং ভুয়া চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, উইচ্যাট, ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলত।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে এই চক্রের সদস্যরা পেনাংয়ে বেশ কিছু বাড়ি ভাড়া নিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। মালয়েশিয়াকে নিজেদের কার্যক্রমের ভিত্তি হিসেবে ব্যবহার করে তারা মূলত চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং হংকংয়ের মতো দেশগুলোর নাগরিকদের প্রধান টার্গেট করত। আন্তর্জাতিক এই সিন্ডিকেটগুলোর মূল হোতা ও নেটওয়ার্কের গভীরতা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
অভিযান চলাকালে পুলিশ সন্দেহভাজনদের আস্তানা থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করেছে। এর মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ইন্টারনেট রাউটার এবং কম্পিউটার অনুষঙ্গ। উদ্ধারকৃত এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ দশমিক ৪ মিলিয়ন রিঙ্গিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই জালিয়াতি চক্রের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক ভাঙতে তাদের তদন্ত অব্যাহত রয়েছে।

