অস্ট্রেলীয় বর্ডার ফোর্সের (এবিএফ) রেকর্ড পরিমাণ জব্দ অভিযানের পর দেশটিতে অবৈধ তামাকের বাজার ২৪ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে। অবৈধ তামাক এবং ই-সিগারেট কমিশনারের নতুন তথ্যানুযায়ী, গত বছরের সর্বোচ্চ অনুমানের তুলনায় প্রায় ১ হাজার ৪৩৮ টন পরিমাণ কমেছে। এর মধ্য দিয়ে গত পাঁচ বছর ধরে চলা বার্ষিক গড়ে ২২ দশমিক ৬ শতাংশের প্রবৃদ্ধির ধারা উল্টে গেছে।
অবৈধ তামাক ও ভেপ বা ই-সিগারেটের ক্রমবর্ধমান রমরমা ব্যবসা রোধে সরকার রাজ্য ও অঞ্চলগুলোকে সড়ক পর্যায়ে আইন প্রয়োগ এবং দোকানপাট বন্ধের কার্যক্রমে সহায়তার জন্য প্রায় ১০ কোটি ডলার বিনিয়োগ করেছে। চলতি অর্থাব্দের প্রথম প্রান্তিকে এবিএফ ৭৩০ টনেরও বেশি অবৈধ তামাক জব্দ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেশি। এই কঠোর পদক্ষেপের ফলে অপরাধচক্রের নেটওয়ার্কে বড় ধরনের ধাক্কা লেগেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শুল্ক বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এই সফলতার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, জব্দকৃত প্রতিটি অবৈধ সিগারেট, বন্ধ করে দেওয়া প্রতিটি দোকান এবং ভেঙে দেওয়া প্রতিটি অপরাধী চক্র অপরাধীদের একটি স্পষ্ট বার্তা দেয়। সেটি হলো—প্রশাসন তাদের সম্পর্কে ওয়াকিবহাল, তাদের কার্যক্রম সম্পর্কে জানে এবং তাদের অবৈধ মুনাফা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাজেট নথিপত্র অনুসারে, রমরমা অবৈধ তামাকের বাজারের কারণে ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই ফেডারেল কোষাগার থেকে ৬ বিলিয়ন ডলার রাজস্ব লোকসান হয়েছে। একই সঙ্গে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২০৩০ সালের মধ্যে তামাকের আবগারি শুল্ক কমে বছরে মাত্র ২ বিলিয়ন ডলারে নেমে আসবে। সরকারের এই সাঁড়াশি অভিযানের ফলে রাজস্ব ক্ষতির পরিমাণ কমিয়ে আনার পাশাপাশি তামাকের কালোবাজারি নির্মূল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।




