বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ খাতের শীর্ষ ও প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং চীনা গোয়েন্দাদের পেতে রাখা এক গোপন জালের (হানিট্র্যাপ) লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার স্পর্শকাতরতা বিচারে বিষয়টি নিয়ে ইতোমধ্যেই স্বউদ্যোগে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত এই সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। জেনসেন হুয়াং নিজেও স্বীকার করেছেন যে, তিনি সন্দেহভাজন এক চীনা নারী গোয়েন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
এনভিডিয়া মূলত চ্যাটজিপিটির মতো আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি ও পরিচালনার জন্য অত্যন্ত স্পর্শকাতর ও শক্তিশালী প্রসেসিং চিপ তৈরি করে থাকে। বিশ্ববাজারে চিপ সরবরাহে একছত্র আধিপত্য বজায় রাখা এই প্রযুক্তি পরাশক্তির বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করার আশঙ্কার মাঝেই এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। ওয়াশিংটনের আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞা এড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রধান প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বী চীনের কাছে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ পাচার করা হচ্ছিল বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন মার্কিন সংশ্লিষ্ট গোয়েন্দারা।
তদন্ত সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, সিঙ্গাপুরভিত্তিক প্রায় অপরিচিত এবং অখ্যাত ডেটাসেন্টার প্রতিষ্ঠান 'মেগাস্পিড'-এর কাছে নিজেদের ব্যাপক চাহিদাসম্পন্ন এআই চিপ বিক্রি করছিল এনভিডিয়া। বিষয়টি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো পর্যবেক্ষণ বাড়ায়। অনুসন্ধানে বের হয়ে আসে, মেগাস্পিডের অন্যতম শীর্ষ কর্মকর্তা ও চীনা নাগরিক হুয়াং লি (যিনি অ্যালিস হুয়াং নামেও পরিচিত) অত্যন্ত পরিকল্পিতভাবে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংশের সঙ্গে গভীর ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক গড়ে তোলেন। উল্লেখ্য, এনভিডিয়া সিইওর সাথে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াং তার কোনো পারিবারিক আত্মীয় নন।
মার্কিন তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কর্মকর্তাদের জোরালো ধারণা, অ্যালিস হুয়াং প্রকৃতপক্ষে বেইজিংয়ের বিশেষ কৌশলগত গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। জেনসেন হুয়াংয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চিপ সরবরাহ, ভবিষ্যৎ প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কৌশলবিষয়ক গোপনীয় নথিপত্র ও তথ্য বেইজিংয়ে পাচার করাই ছিল এই রহস্যময়ী নারীর মূল লক্ষ্য। এর ফলে সিঙ্গাপুরের নিরপেক্ষ প্রতিষ্ঠানটির আড়ালে মূলত চীনের সামরিক ও বেসামরিক গবেষণা কেন্দ্রগুলোতে মার্কিন প্রযুক্তি পৌঁছে যাচ্ছিল।
এই ঘটনার প্রভাব বিশ্ব তথ্যপ্রযুক্তি খাতে সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করছেন কৌশলগত বিষেশজ্ঞ ও বাণিজ্যিক বিশ্লেষকেরা। এনভিডিয়ার সিইও এই সম্পর্ক স্বীকার করলেও, এ ঘটনা আন্তর্জাতিক চিপ খাত ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সেমিকন্ডাক্টর সরবরাহের পাশাপাশি গোপনীয় তথ্য ফাঁসের প্রমাণ চূড়ান্ত হলে এনভিডিয়া ও এর শীর্ষ পরিচালনা পর্ষদকে মার্কিন বিচার বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।



