চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগ জানায়, ভারতের ব্যাঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (টার্মিনাল ১) সম্প্রতি এক অভূতপূর্ব নিরাপত্তা সংকটের সৃষ্টি হয়। ব্যাঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ভেতরে হাইজ্যাক বা বিমান ছিনতাইয়ের হুমকি সংবলিত একটি চিরকুট পাওয়ার পর বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা (ফুল ইমার্জেন্সি) ঘোষণা করা হয়। বিমান চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়র (এসওপি) কঠোরভাবে অনুসরণ করে মাঝপথ থেকেই উড়োজাহাজটিকে ফিরিয়ে আনা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, ইন্ডিগোর ৬ই ৪৫৮১ ফ্লাইটটি ব্যাঙ্গালুরু ছেড়ে লখনউয়ের দিকে যাওয়ার সময় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিমানটির শৌচাগারে একটি কাগজ দেখতে পান এক যাত্রী। ওই কাগজে ইংরেজিতে লেখা ছিল, এই বিমানটি ঠিক সাড়ে ৬টায় হাইজ্যাক করা হতে চলেছে। বিষয়টি অবহেলা না করে যাত্রী সঙ্গে সঙ্গে কেবিন ক্রুকে বিষয়টি জানান। ক্রু সদস্যরা দ্রুত পাইলটকে অবহিত করেন এবং তাৎক্ষণিকভাবে বিমানটিকে ব্যাঙ্গালুরু বিমানবন্দরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানটি নিরাপদে ব্যাঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করার পর পরই বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং নিরাপত্তা বাহিনী দ্রুত তৎপর হয়ে ওঠে। বিমানটিকে একটি নিরাপদ ও বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়, যাতে যেকোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিমানটিতে তল্লাশি চালানো যায়। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিরাপত্তা প্রোটোকল মেনে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি সম্পন্ন করার পর জানা যায় যে হুমকিটি সম্পূর্ণ ভুয়া বা হোস ছিল।
পরে ইন্ডিগো কর কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাঙ্গালুরু থেকে লখনউগামী ৬ই ৪৫৮১ ফ্লাইটে একটি নিরাপত্তা ঝুঁকির কথা জানানো হয়েছিল। নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় এবং প্রোটোকল মেনে পাইলট বিমানটি প্রস্থান বিন্দুতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান সংস্থা দুঃখ প্রকাশ করে এবং তাদের নিয়মিত আপডেট ও রিফ্রেশমেন্ট প্রদান করে। প্রয়োজনীয় ক্লিয়ারেন্স পাওয়ার পর ফ্লাইটটি পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সাম্প্রতিক সময়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিমানের বোমাতঙ্ক বা হাইজ্যাকের ভুয়া হুমকির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষগুলোর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।




