গতির প্রতিযোগিতা ও বেপরোয়া ওভারটেকিংয়ের বিপজ্জনক অভ্যাস আবারও কেড়ে নিল চার তাজা প্রাণ। ভারতের উত্তরপ্রদেশের বলিয়া জেলার নাগরা-বেলথারা সড়কে শনিবার রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন চার বন্ধু। দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি শক্ত তালগাছে সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গাউভাপার গ্রামের আট বন্ধু দুটি প্রাইভেটকারে চড়ে নাগরা বাজারে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফেরার পথে দুই গাড়ির চালকই মেতে ওঠেন গতি বাড়ানোর উন্মাদনায়। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার বা ওভারটেক করার এই খেলায় দুটি গাড়িই বেপরোয়া গতিতে ছুটছিল।
গতির তাণ্ডব চলাকালে গাড়ি দুটি নাগরা-বেলথারা সড়কের নিচুয়াদিহ বাকের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী একটি গাড়ির চালক তীব্র গতিতে বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি তালগাছের ওপর গিয়ে আছড়ে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় নিহত চার তরুণকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— গাউভাপার গ্রামের বাসিন্দা অভিষেক প্যাটেল (২৯), গোলুঠাকুর (২৩), কুনাল পাসওয়ান (২২) এবং ধানঞ্জয় (২৬)। বিকট শব্দের পর পেছনে থাকা অপর গাড়ির যাত্রী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারের চেষ্টা চালান।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ মউ জেলার একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাদেরও মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মিশ্র জানান, প্রাথমিক তদন্তে অনিয়ন্ত্রিত গতি এবং দুটি গাড়ির মধ্যে রেষারেষিকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের গ্রামসহ সমগ্র বলিয়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে।




