গ্রিডের স্থিতিশীলতা সুদৃঢ় করা এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করার লক্ষে ভারতের তামিলনাড়ু সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ‘তামিলনাড়ু ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমস পলিসি, ২০২৬’। জ্বালানি বিভাগের একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশিত এই নতুন নীতিমালাটি বড় পরিসরে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং আধুনিক জ্বালানি অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে রাজ্যটিকে ভারতের শীর্ষস্থানীয় ব্যাটারি স্টোরেজ বা শক্তি সংরক্ষণ হাবে রূপান্তর করতে বদ্ধপরিকর। গত মঙ্গলবার প্রকাশিত এই নীতিমালায় এর কার্যকাল চলাকালীন রাজ্যে অন্তত ২.৫ গিগাওয়াট বিদ্যুৎ সঞ্চয় ক্ষমতা, যা ১০ গিগাওয়াট-ঘণ্টার সমতুল্য, তা নিশ্চিত করার একটি সুদূরপ্রসারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রাজ্যের নোডাল এজেন্সি ‘তামিলনাড়ু গ্রিন এনার্জি কর্পোরেশন লিমিটেড’-এর সার্বিক ব্যবস্থাপনায় এই উদ্যোগটি রূপায়ন করা হবে। এর মূল লক্ষ্য হলো পরিবর্তনশীল নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা, গ্রিড কার্যক্রমকে সুসংহত করা এবং অপ্রয়োজনীয় লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস করা। কম চাহিদার সময়ে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ—বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদনের সময়টাতে—সংরক্ষণ করে তা পিক আওয়ার বা সর্বোচ্চ চাহিদার সময়ে সরবরাহ করার মাধ্যমে জ্বালানি নিরাপত্তার মৌলিক চাহিদাগুলো সফলভাবে পূরণ করবে এই নীতিমালা।
এই কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের জন্য নীতিমালায় এককভাবে ব্যাটারি স্থাপন এবং ইতিমধ্যেই চালু থাকা নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যৌথভাবে ব্যাটারি সংযোজনের পৃথক রূপরেখা প্রণয়ন করা হয়েছে। অধিকন্তু, ২০২৭ সালের এপ্রিল মাস কিংবা তার পরবর্তীতে চালু হতে যাওয়া ১ মেগাওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন সমস্ত নতুন সৌর ও হাইব্রিড বিদ্যুৎ প্রকল্পের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যে, তাদের মোট অনুমোদিত ক্ষমতার অন্তত ১০ শতাংশ ব্যাটারি স্টোরেজ সক্ষমতা থাকতে হবে এবং তা অন্তত চার ঘণ্টা একটানা বিদ্যুৎ সরবরাহে সক্ষম হতে হবে।
উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগ উৎসাহিত করতে এবং আর্থিক চাপ কমাতে রাজ্য সরকার নীতিমালার আওতায় চালু হওয়া প্রকল্পগুলোর জন্য টানা ১০ বছরের সম্পূর্ণ ট্রান্সমিশন এবং হুইলিং চার্জ মওকুফ করার ঘোষণা দিয়েছে। তবে শর্ত রয়েছে যে, সংগৃহীত বা সঞ্চিত বিদ্যুৎ সম্পূর্ণরূপে রাজ্যের ভেতরেই ব্যবহার করতে হবে। একই সঙ্গে, গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা এবং ব্যাটারির সামগ্রিক জীবনচক্রের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা, পরিবেশগত এবং সাইবার সিকিউরিটি প্রোটোকলও বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে দেশীয়ভাবে বিকশিত এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারও অন্তর্ভুক্ত রয়েছে।
এই বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তামিলনাড়ু সরকার নবায়নযোগ্য শক্তির সঠিক ব্যবহার এবং দীর্ঘমেয়াদি গ্রিড স্থিতিশীলতার ক্ষেত্রে দেশের অগ্রগামী রাজ্য হিসেবে নিজেদের অবস্থানকে আরও বেশি সুসংহত করল। বিশ্বজুড়ে যখন জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে, তখন এই নীতিমাগার ঘোষণা ভারতের আঞ্চলিক জ্বালানি অর্থনীতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।




