সিরিয়ায় বাশার আল-আসাদ শাসনের পতনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও দেশটির অন্তর্বর্তীকালীন প্রশাসন এক জটিল নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গৃহযুদ্ধের সময় বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার অভিজ্ঞ বিদেশি যোদ্ধাকে নতুন জাতীয় সশস্ত্র বাহিনীতে একীভূত বা পুনর্বাসন করা এখন দামেস্কের নীতিনির্ধারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উেইঘর মুসলিম সংখ্যালঘু, উজবেক, চেচেন, দাগেস্তানি ছাড়াও বিভিন্ন আরব ও পশ্চিমা দেশ থেকে আসা এই যোদ্ধারা একসময় বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআর মিত্র হিসেবে যুদ্ধ করলেও বর্তমান পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন, গৃহযুদ্ধের তীব্রতার সময়ে এই বিদেশি যোদ্ধার সংখ্যা ১৮ হাজার থেকে ২০ হাজারে পৌঁছেছিল।
এই বিদেশি যোদ্ধাদের একটি বড় অংশ নিজ দেশে ফিরতে নারাজ, কারণ দেশে ফিরলে তাদের তীব্র আইনি পদক্ষেপ ও কারাবাসের মুখোমুখি হতে হবে। আবার অনেক ক্ষেত্রে নিজ দেশের সরকারও নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে সিরিয়ার মাটিতেই বিশ্বের অন্যতম বৃহৎ বিদেশি যোদ্ধার উপস্থিতি বজায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনী সংশ্লিষ্ট ওয়েস্ট পয়েন্টের কমব্যাটিং টেররিজম সেন্টারের গত আগস্ট মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক ব্যবহারে দক্ষ এবং উন্নত ছোট ইউনিট ট্যাকটিকসে পারদর্শী এই জনগোষ্ঠীর উপস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও একটি উদ্বেগের বিষয়। তবে আল-শারাআর তৎকালীন সংগঠনের সাথে যারা যুক্ত ছিল, তাদের অনেকেই নতুন সেনাবাহিনীতে যোগ দিলেও কট্টরপন্থী কিছু দল ও বিদেশি নাগরিকরা এখনো কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে চলেছে।
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অব্যাহত হুমকি। আইএস নেতৃত্ব প্রকাশ্যেই আহমেদ আল-শারাআকে মুরতাদ বা ধর্মত্যাগী হিসেবে ঘোষণা করেছে এবং তাকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে আসছে। ২০১৯ সালে সিরিয়ায় আইএস পরাজিত হলেও দেশজুড়ে তাদের আত্মগোপনকারী সেলের সদস্যরা এখনো নিরাপত্তা বাহিনী ও কুর্দি যোদ্ধাদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া সংখ্যালঘু আলাউইত ও দ্রুজ সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সংঘাত এবং উত্তর-পূর্বাঞ্চলে আরব ও ধর্মনিরপেক্ষ কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে বিদেশি যোদ্ধাদের উপস্থিতি নতুন সরকারের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
সরকার নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী বিদেশি যোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। গত অক্টোবরে তুরস্ক সীমান্তের কাছে একটি শিবিরের বাইরে ফরাসি ভাষাভাষী যোদ্ধাদের অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে গেলে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আবু আয়মান আল-ফারানসি নামের এক ফরাসি জঙ্গি নিহত হয়। এই ঘটনার পর ফরাসি ভাষী প্রায় ৭০ জন যোদ্ধা ফরাসি সামরিক প্রতিনিধিদলের সাথে সরকারের সহযোগিতামূলক বৈঠক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে। পাশাপাশি, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে হুমকি দেওয়া এক মিসরীয় জিহাদিকে গত বছর আটক করে সিরীয় কর্তৃপক্ষ। কট্টরপন্থী উজবেক ও অন্যান্য বিদেশি যোদ্ধাদের দমনেও গত মে মাসে ইদলিব প্রদেশে বিশেষ অভিযান পরিচালনা করেছে আল-শারাআর বাহিনী।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যোদ্ধাদের উপস্থিতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যেও গভীর উদ্বেগ রয়েছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদ আরবকে সহায়তা করার জন্য সিরিয়া থেকে যোদ্ধা পাঠানোর একটি বিষয়ে গত নভেম্বর মাসে আলোচনা হলেও সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সেই কন্টিনজেন্টে কেবল সিরিয়ার নিজস্ব নাগরিকরাই থাকতে পারবে, কোনো বিদেশি যোদ্ধা নয়। এদিকে, আসাদ আমলের মিত্র ইরান সমর্থিত লেবানন, ইরাক ও পাকিস্তানের মিলিশিয়ারা আসাদের পতনের পর ইতোমধ্যে সিরিয়া ত্যাগ করলেও রয়ে গেছে বিভিন্ন দেশের সুন্নি যোদ্ধারা।
বিদেশি যোদ্ধাদের এই জট পাকাতে সামাজিক ও মানবিক সংকটও তৈরি হয়েছে। এদের অনেকেই স্থানীয় নারীদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং জন্ম নিয়েছেন হাজার হাজার শিশু। সিরীয় আইন অনুযায়ী নারীরা তাদের সন্তানদের নাগরিকত্ব দিতে না পারায় এই শিশুরা মূলত রাষ্ট্রহীন বা নাগরিকত্বহীন অবস্থায় রয়েছে। তবে সামাজিক বিষয়ক মন্ত্রী হিন্দ কাবাওয়াত জানিয়েছেন যে সরকার এই আইন সংশোধনের পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যের জিহাদি গোষ্ঠীগুলোর ইতিহাসবিদ আইমেন জাওয়াদ আল-তামিমির মতে, যারা একসময় আল-শারাআর সাবেক সংগঠন হায়াত তাহরির আল-শামের অনুগত ছিল, তারা নতুন সেনাবাহিনীতে সহজেই যোগ দিয়েছে, কিন্তু মতাদর্শগত কারণে কট্টরপন্থী বিদেশি গোষ্ঠীগুলো এখনো বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

