ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত কেমপেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএ) তাদের এয়ারক্রাফট রিকভারি ট্রেনিং স্কুলের (এআরটিএস) জন্য একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ বিমান হিসেবে ‘ফিনিক্স’ নামের একটি বোয়িং ৭৩৭-২০০ বিমান উন্মুক্ত করেছে। এই নতুন সংযোজন বিমানবন্দরটির জরুরি উদ্ধার ও নিষ্ক্রিয় বিমান অপসারণ সংক্রান্ত প্রশিক্ষণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে বিশেষায়িত উদ্ধার সরঞ্জামের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ আকৃতির বিমান ব্যবহার করে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
পূর্বে ‘বেবি বোইং’ নামে পরিচিত এই বিমানটি দীর্ঘদিন ধরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অচল অবস্থায় পড়ে ছিল। পরবর্তীতে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (বিআইএএল) এটি কিনে নেয় এবং এর নতুন নামকরণ করে ‘ফিনিক্স’। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতা থেকে বেঙ্গালুরুতে এই বিমানটি নিয়ে আসার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। বিস্তারিত রুট মূল্যায়নের পর বিমানটিকে ছোট ছোট অংশে খুলে ৪টি বিশেষায়িত ট্রেইলারে করে প্রায় ৪৫ দিনব্যাপী একটি রুদ্ধশ্বাস লজিস্টিক অপারেশনের মাধ্যমে বেঙ্গালুরুতে পৌঁছানো হয়।
পরবর্তীতে মূল সরঞ্জাম প্রস্তুতকারক বা ওিমএম-এর নির্ধারিত নিখুঁত মান বজায় রেখে কেআইএ-তে বিমানটিকে পুনরায় সংযোজন করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রক্রিয়ায় বিমানটির ইঞ্জিন, এভিওনিক্স এবং ককপিট সম্পূর্ণ অক্ষত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশিয়ার একমাত্র ডেডিকেটেড ডিজ্যাবিলড এয়ারক্রাফট রিকভারি ট্রেনিং স্কুল বা এআরটিএস জার্মানির প্রখ্যাত প্রতিষ্ঠান কুঞ্জের (KUNZ) সহযোগিতায় বিমান চলাচল খাতের পেশাদারদের জন্য বিভিন্ন কাঠামোগত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে।
ডিজ্যাবিলড এয়ারক্রাফট রিকভারি বা নিষ্ক্রিয় বিমান অপসারণ বলতে মূলত কোনো রানওয়ে বা ট্যাক্সিওয়েতে আটকে যাওয়া বা দুর্ঘটনায় পতিত বিমানকে অতিরিক্ত বা গৌণ কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অত্যন্ত নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশলকে বোঝায়। বিমান চলাচল খাতের নিরাপত্তার মানদণ্ড উন্নত করতে এই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিনিক্স বিমানটির অন্তর্ভুক্তি শুধু বেঙ্গালুরু বিমানবন্দর নয়, বরং পুরো দক্ষিণ এশীয় অঞ্চলের বিমান চালনা ও নিরাপত্তা খাতের সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন উড্ডয়ন বিশেষজ্ঞরা।

