মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রেজাক ম্যানশনে একাকী জীবনযাপন করা প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষায় এক অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন একটি পাইলট প্রকল্পের আওতায় প্রবীণদের বাসস্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রাডার ও থার্মাল সেন্সর প্রযুক্তি স্থাপন করা হচ্ছে। এই ছয় মাস মেয়াদি প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কোনো বয়োবৃদ্ধ নাগরিক দুর্ঘটনাবশত পড়ে গেলে বা দীর্ঘ সময় অস্বাভাবিক নিষ্ক্রিয় অবস্থায় থাকলে তা দূর থেকেই দ্রুত শনাক্ত করা এবং পরিচর্যাকারী ও নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা।
চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগের প্রতিবেদনে জানা গেছে, প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রায় ৫০টি বাড়িকে এই আধুনিক সেন্সর প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে বাসাবাড়িতে কোনো ধরনের ক্যামেরা ব্যবহার না করেই সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। ক্যামেরা না থাকায় বাসিন্দাদের ব্যক্তিগত গোপনীয়তাও শতভাগ বজায় থাকবে।
মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল জানিয়েছেন, স্মার্ট সিটি বা বুদ্ধিমান নগর পরিকল্পনার অংশ হিসেবে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ ও নিরাপত্তায় ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির ব্যবহার খতিয়ে দেখাই এই উদ্যাগের মূল লক্ষ্য। তিনি বলেন, সাধারণত আইওটি প্রযুক্তি বিভিন্ন বাণিজ্যিক বা নগর পরিষেবায় ব্যাপকভাবে ব্যবহৃত হলেও বয়োবৃদ্ধদের সুরক্ষায় এর ব্যবহার বেশ সীমিত ছিল। এই পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে আমরা দেখতে চাই প্রযুক্তি ব্যবহার করে কীভাবে মূল্যবান জীবন রক্ষা করা যায়।
প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করে জানা গেছে, সেন্সরগুলো যখনই কোনো ব্যক্তির পড়ে যাওয়া বা দীর্ঘ সময় অনড় থাকার বিষয় শনাক্ত করবে, তখনই তা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি পরিচর্যাকারী বা দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে সংকেত পাঠাবে। বার্তা পাওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বা উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারবে।
আগামী ছয় মাস ধরে রেজাক ম্যানশনে এই ট্রায়াল চলবে। এতে কারিগরি কোনো চ্যালেঞ্জ দেখা দিলে তা সংশোধন করে পরবর্তীতে দেশের অন্যান্য প্রবীণপ্রবণ ও আবাসিক অঞ্চলে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে মালয়েশিয়া সরকারের। চিত্রা পোস্টের পর্যালোচনায় এটি স্পষ্ট যে, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার কীভাবে একটি সমাজভিত্তিক প্রবীণ পরিচর্যাব্যবস্থাকে নতুন মাত্রা দিতে পারে, তা এই প্রকল্পের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।



