কাবার সংস্কার শেষের দিকে (৬০৫ খ্রি.) কোরাইশের গোত্রগুলোর রক্তপাত বন্ধ করার ভূমিকা নেওয়ার মধ্য দিয়ে মহানবী (সা.) মক্কার সবচেয়ে আস্থাভাজন মানুষে পরিণত হন। এমন সাফল্যের পর একজন মানুষ কী করে? নবীজি কিন্তু ধীরে ধীরে সরে যেতে লাগলেন ভিড় থেকে। পাহাড়ের দিকে। কেননা, কাবা পুনর্নির্মাণের পর মক্কার সামন্ততান্ত্রিক অর্থনীতি চরম পুঁজিবাদী ও শোষণমূলক রূপ নেয়। বনু মাখজুম ও বনু উমাইয়ার সুদি কারবার (রিবা), এতিমের সম্পদ গ্রাস এবং ‘হুমস’ প্রথার মাধ্যমে সাধারণ হাজিদের জিম্মি করার অমানবিক চিত্র মুহাম্মদ (সা.) খুব কাছ থেকে দেখেন ফলে ক্ষমতার শীর্ষ গ্রহণযোগ্যতা তাঁকে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার দিকে আকৃষ্ট করার বদলে এক গভীর আত্মিক নির্জনতার দিকে চালিত করে। দীর্ঘ মেয়াদে মক্কার জনপদ ছেড়ে হেরার গুহায় নির্জনবাসে চলে যান। প্রথম দিকে অবতীর্ণ সুরা দুহা, সুরা মাউন ও সুরা বালাদের মতো মাক্কি সুরাগুলোতেও এর প্রতিফলন দেখা যায়। ৬০৫–৬১০ খ্রিষ্টাব্দ নবুয়তপ্রাপ্তির পূর্ববর্তী এই পাঁচ বছর (বয়স ৩৫ থেকে ৪০ বছর) ছিল মক্কার পৌত্তলিক সমাজব্যবস্থা থেকে তাঁর সচেতন বৌদ্ধিক ও আধ্যাত্মিক বিচ্ছিন্নতার কালপর্ব। হেরা গুহায় নির্জন উপাসনার রীতি (তাহান্নুস) ছিল বনু হাশিমের একটি পারিবারিক ঐতিহ্য। কোরাইশদের মধ্যে এর প্রবর্তন ঘটান আবদুল মুত্তালিব। রমজানের চাঁদ দেখা গেলে তিনি হেরা পর্বতে উঠতেন, পুরো মাস সেখানে ধ্যানমগ্ন থাকতেন এবং দরিদ্রদের আহার করাতেন। তিনি একা ছিলেন না
মক্কার অন্ধকারে তখন আরও কয়েকটি প্রদীপ জ্বলছিল। কয়েকজন কোরাইশি ‘হানিফ’ মূর্তিপূজা ছেড়ে নবী ইব্রাহিমের আদি একত্ববাদ খুঁজছিলেন। ইতিহাসে এমন চারজন প্রধান ব্যক্তির নাম পাওয়া যায়—ওয়ারাকা ইবনে নওফাল, ওবাইদুল্লাহ ইবনে জাহশ, ওসমান ইবনে আল-হুওয়াইর

