জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে দিয়ে বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের সুপরিকল্পিতভাবে টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। সম্প্রতি কুষ্টিয়ায় দলের নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনার পর গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি প্রবাদ টেনে লেখেন, 'নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।'
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক জানান, সরকার ও প্রশাসন সাধারণ জনগণকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারবে—এমন আশা তিনি আর করেন না। এই পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় নিজেদেরই পথ বেছে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, ফ্যাসিস্ট শক্তি এবং তাদের দোসররা দেশের ভেতর বিভিন্ন ধরনের নাশকতা ও সহিংসতা চালিয়ে অত্যন্ত সুকৌশলে সীমান্ত পার হয়ে ওপারে গিয়ে আশ্রয় নিচ্ছে।
ফ্যাসিস্ট চক্রের পেছনে বিদেশি ইন্ধনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশীয় কোনো শক্তি নয়, বরং দিল্লির আশ্রয়, প্রশ্রয় এবং প্রত্যক্ষ ইন্ধনেই এই জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করে চলেছে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করতে একের পর এক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি। তবে এসব বাংলাদেশবিরোধী শক্তির বিরুদ্ধে এককভাবে নয়, বরং দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে ও গণতান্ত্রিক উপায়েই মোকাবিলা করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে গত বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আওয়ামী সন্ত্রাসীরা গভীর রাতে ওই বাড়িতে সুপরিকল্পিতভাবে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। দলটির মিডিয়া সেল এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পৃথক ফেসবুক পোস্টে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

