অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার পরিচালনায় নারীদের অবদান ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ব্রেকিং ব্যারিয়ার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সিটি অব ক্যান্টারবারি ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর শিরিন আক্তার। ২০২৬ সালের ‘এনএসডব্লিউ মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর উইমেন ইন লোকাল গভর্মেন্ট’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সিডনির ঐতিহাসিক নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট হাউসে জমকালো এক আনুষ্ঠানিকতায় তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয় সরকার ব্যবস্থা এবং সামাজিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি ও নেতৃত্ব প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে যৌথভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী রন হোনিগ এবং নারীবিষয়ক মন্ত্রী জডি হ্যারিসন সমন্বিতভাবে এ অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সিটির শীর্ষ ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা এ উদ্যোগের প্রশংসার পাশাপাশি সফল নারীদের অভিনন্দন জানান।
শিরিন আক্তারের এই অর্জনে গভীর উচ্ছ্বাস ও শুভকামনা ব্যক্ত করেছেন সিডনির ক্যান্টারবারি ব্যাংকসটাউন সিটির মেয়র বিলাল এল-হায়েক। এক বার্তায় মেয়র বলেন, স্থানীয় বলয়ে সর্বসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং নারীদের অগ্রযাত্রার পথ সহজ করতে শিরিন আক্তারের আত্মনিয়োগ প্রশংসনীয়। সমাজে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূরীকরণে তাঁর ধারাবাহিক নিষ্ঠা ও নেতৃত্বের যথার্থ মূল্যায়ন হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রবাসী হিসেবে সুদূর অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন শিরিন আক্তার। তাঁর এই বৈশ্বিক স্বীকৃতি শুধু ক্যান্টারবারি ব্যাংকসটাউন কাউন্সিলের জন্যই নয়, বরং আন্তর্জাতিক আঙিনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্যও এক বিশাল গৌরব ও অনুপ্রেরণা হয়ে থাকবে।



