বিশ্বজুড়ে কে-পপ ও কে-ড্রামার ব্যাপক জনপ্রিয়তার মাঝেই নিজ দেশে এক গভীর সংকটের মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়ার টেলিভিশন নাটক ও সিরিজ নির্মাণ শিল্প। পরিস্থিতি এতটা জটিল আকার ধারণ করেছে যে দেশের অভ্যন্তরীণ নাট্য উৎপাদন ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে শিল্পটিকে রক্ষা করতে সরকারি বিনিয়োগ ও জরুরি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ১২টি চলচ্চিত্র ও বিনোদন বিষয়ক সংগঠন।
চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগের অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ কোরিয়া ড্রামা প্রোডাকশন অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুযায়ী ২০২২ সালে দেশটিতে ১৪১টি কে-ড্রামা নির্মিত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই উৎপাদনের পরিমাণ প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারে কোরীয় কনটেন্টের ব্যাপক চাহিদার বিপরীত চিত্র ফুটে উঠেছে স্থানীয় প্রযোজনা শিল্পে, যা পুরো খাতের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় মুক্ত সম্প্রচার মাধ্যমগুলোর নাটক নির্মাণ কমিয়ে দেওয়াই এই সংকটের অন্যতম প্রধান অনুঘটক। দেশটির প্রধান তিনটি টেলিভিশন নেটওয়ার্ক ২০১২ সালে যেখানে ৯১টি ড্রামা ধারাবাহিক তৈরি করেছিল, ২০২৩ সালে তা নাটকীয়ভাবে কমে মাত্র ৩২টিতে নেমে এসেছে। বিজ্ঞাপনের আয় হ্রাস পাওয়া এবং বৈশ্বিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সাথে চরম প্রতিযোগিতায় টিকতে না পেরে টিভি চ্যানেলগুলো তাদের নাটক নির্মাণের বাজেট ছেঁটে ফেলতে বাধ্য হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, দক্ষিণ কোরিয়া সরকার যদি দ্রুত কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক প্রণোদনা বা নীতিগত সহায়তা না দেয়, তবে বিশ্ব বিনোদন বাজারে দেশটি তার অবস্থান হারাতে পারে। এর ফলে শুধু যে হাজার হাজার পেশাজীবীর কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে তা নয়, বরং দেশটির সাংস্কৃতিক রপ্তানি খাত ও বিশ্বব্যাপী 'সফট পাওয়ার' বৃদ্ধিতেও বড় ধরণের আঘাত আসবে।



