টিকা গ্রহণের হার আশঙ্কাজনকভাবে হ্রাসের কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে ধরে রাখা ‘হামমুক্ত’ বা রোগ নির্মূলের মর্যাদা হারিয়েছে। পান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক এই ভাইরাসের সংক্রমণ দেশজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর এই বড় ধরনের জনস্বাস্থ্য বিপর্যয়ের খবর সামনে এল।
পাহোর ওয়াশিংটনভিত্তিক দপ্তরের পরিচালক জারবাস বারবোসা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ছাড়াও মেক্সিকো এবং বলিভিয়া চলতি বছর তাদের হামমুক্ত মর্যাদা হারিয়েছে। এর আগে গত বছর কানাডাও দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাবের কারণে একই ধরনের অবনমনের শিকার হয়েছিল। এর মাধ্যমে পুরো আমেরিকান অঞ্চলেই টিকাযোগ্য মারাত্মক এই রোগটির পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র বর্তমানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং ভয়াবহ প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচিতে অনীহা, ভুল তথ্য প্রচার এবং মহামার-পরবর্তী সময়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটার কারণে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরনের ছেদ পড়েছে। এর ফলে হামের মতো প্রতিরোধযোগ্য রোগগুলোর বিরুদ্ধে সমাজে যে সুরক্ষিত প্রাচীর বা হার্ড ইমিউনিটি তৈরি হয়েছিল, তা দুর্বল হয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় জনস্বাস্থ্য কর্তাব্যক্তিরা বারবার সতর্ক করে আসছিলেন যে, টিকা গ্রহণের হার যদি নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে নেমে যায়, তবে বহু বছর আগে নির্মূল হওয়া রোগগুলো পুনরায় ফিরে আসতে পারে। বর্তমান পরিস্থিতিতে মার্কিন স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে টিকাদান কর্মসূচি আরও জোরদার করতে এবং অভিভাবকদের সচেতন করতে নতুন করে উদ্যোগ নিতে হচ্ছে। অন্যথায় এই পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।


