ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইসেনকট দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঐক্যের সরকার গঠনের আহ্বানকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি নেতানিয়াহুর এই প্রস্তাবকে স্রেফ একটি রাজনৈতিক চাল বা 'স্পিন মুভ' হিসেবে আখ্যায়িত করে বলেছেন, নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করতেই এই ধরনের কৌশল নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক কড়া বার্তায় আইসেনকট উল্লেখ করেন, লিকুদ এবং ইয়েশ আতিদের আলোচক দলের মধ্যে সোমবারই একটি বৈঠক পূর্বনির্ধারিত ছিল এবং বিষয়টি নেতানিয়াহুর জানা ছিল। তিনি বলেন, এটি সম্পূর্ণ একটি ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়। ইতিমধ্যে বৈঠক নির্ধারিত থাকা সত্ত্বেও ঐক্যের কথা বলে নতুন করে আলোচনার ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু একদিকে ঐক্যের কথা বলছেন, অন্যদিকে কেনেসেটে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে অপমান করছেন এবং সমাজে বিভেদ ও উসকানি ছড়িয়ে দিচ্ছেন।
সাম্প্রতিক একটি অমিমাংসিত নির্বাচনের পর ইসরায়েলি কেনেসেট বা সংসদ স্পষ্ট কোনো সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই স্থবির হয়ে আছে। এমন এক রাজনৈতিক সংকটের মধ্যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো পরবর্তী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইসেনকট দাবি করেছেন, নেতানিয়াহু ভালো করেই জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন এবং ইসরায়েলি নাগরিক ও কেনেসেটের বেশিরভাগ সদস্যের পক্ষ থেকেই তার বিরুদ্ধে প্রবল অনাস্থা রয়েছে।
বিরোধী এই নেতা আরও অভিযোগ করেন, বিদায়ী প্রধানমন্ত্রী ক্ষমতা টিকিয়ে রাখতে এবং নতুন সরকার গঠনের পথ রুদ্ধ করতে বিলম্বিত করার কৌশল (ডেলিয়িং অ্যাকশন) গ্রহণ করেছেন। এছাড়া কেনেসেট স্পিকারের পদ পরিবর্তনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই এই কূটকৌশল চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
আইসেনকট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জরুরি কোনো সরকারে যোগদানের ক্ষেত্রে তার কিছু পূর্বশর্ত রয়েছে। এর মধ্যে তার নির্ধারিত নীতিমালার প্রতি সমর্থন এবং উগ্রপন্থীদের সাথে সম্পর্কচ্ছেদের মতো বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগে দেশটির রাজনৈতিক অঙ্গন আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে।





