ভারতের তেলেঙ্গানা রাজ্যের মহাবুবাবাদ জেলার নদীভাদা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশে যোগদানের প্রস্তুতি নেওয়া ২৪ বছর বয়সী এক তরুণী তার নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। গত ১২ নভেম্বর ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ নিহতের বয়ফ্রেন্ড এবং তার স্বজনদের গ্রেপ্তার করেছে। এই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থারা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
নিহত তরুণীর নাম সুস্মিতা, যিনি মাদিকা সম্প্রদায়ের অন্তুর্ভুক্ত ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তার বাবা কুমারাস্বামী ও মা সুকন্যা তাদের অন্য মেয়েকে নিয়ে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে প্রবেশ করার পরই তারা সুস্মিতাকে নিথর অবস্থায় দেখতে পান। এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়।
মহাবুবাবাদ অঞ্চলের উপ-পুলিশ সুপার এন. তিরুপতি রাওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে একটি ১৮ পৃষ্ঠার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ওই নোটে সুস্মিতা তার বয়ফ্রেন্ড অনিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। অনিল গৌড় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। সুস্মিতা তার নোটে উল্লেখ করেন যে প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অনিল তাকে প্রাথমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের ভিন্ন জাতের হওয়ার অজুহাত দেখিয়ে এবং পরিবার ও বন্ধুদের বিরোধিতার কথা বলে সম্পর্ক থেকে পিছু হটেন।
সুস্মিতা তার মৃত্যুর জন্য সরাসরি অনিলকে দায়ী করেছেন এবং পুলিশ বাহিনীতে যোগ দিয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার স্বপ্ন পূরণ করতে না পারার চরম হতাশা ব্যক্ত করেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ত্বরিত ব্যবস্থা নিয়েছে। অনিল, তার বাবা-মা এবং অন্যান্য নিকটাত্মীয়সহ মোট ১১ জনের বিরুদ্ধে তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।




