যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে ঐতিহাসিক এক ক্ষণের দ্বারপ্রান্তে অবস্থান করছেন নিউইয়র্কের ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য হাকিম জেফ্রিজ। ডেমোক্র্যাটদের দলীয় সিদ্ধান্তে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের সর্বোচ্চ আসনে আসীন হতে যাচ্ছেন তিনি। এর মাধ্যমে দুই শতকেরও বেশি সময়ের মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্ব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল উত্তরাধিকারের দ্বিতীয় সারির এই প্রভাবশালী সাংবিধানিক পদে দায়িত্ব নিতে যাচ্ছেন জেফ্রিজ।
১৮৭০ সালে দক্ষিণ ক্যারোলাইনার জোসেফ রেইনি যখন প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন, তখন থেকেই মার্কিন রাজনীতিতে প্রতিনিধিত্বের এই লড়াই সূচিত হয়। দীর্ঘ ১৫৫ বছর পর হাকিম জেফ্রিজের স্পিকার পদে উত্থানকে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব ও নাগরিক অধিকার আন্দোলনের জন্য এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অবিহিত করছেন রাজনীতি বিশেষজ্ঞরা। তবে উদযাপনের পাশাপাশি এটিকে তারা নীতি নির্ধারণ ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বড় পরীক্ষা হিসেবেও বিবেচনা করছেন।
বিভিন্ন চার্চ প্রতিনিধি ও নাগরিক অধিকার নেতৃবৃন্দের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্য ও নাগরিক অধিকারের যে দীর্ঘ লড়াই রয়েছে, হাকিম জেফ্রিজের এই অর্জন তার এক অনন্য প্রতিফলন। ডালাসের বিশিষ্ট ধর্মযাজক ও সদ্য নির্বাচিত প্রতিনিধি ডেন ফ্রেডেরিক হেইনেস উল্লেখ করেন, মার্টিন লুথার কিং জুনিয়র যে স্বপ্নের কথা বলেছিলেন, জেফ্রিজের রাজনৈতিক পথচলা সেই ধারারই একটি অংশ। এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।
স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেফ্রিজকে মার্কিন প্রতিনিধি পরিষদের আইন প্রণয়ন সংক্রান্ত অগ্রাধিকারসমূহ নির্ধারণ করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় বাজেট, রাজস্ব ব্যবস্থাপনা ও জাতীয় নীতির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে তাকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর সমান্তরালে নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা তার জন্য এক বড় কৌশলগত পরীক্ষা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হাকিম জেফ্রিজের প্রধান চ্যালেঞ্জ হবে কেবল প্রতিকী বা প্রতিনিধিত্বমূলক অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা ও নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া। এই নতুন নেতৃত্বে মার্কিন ডেমোক্র্যাটিক পার্টি তাদের আইনি ও রাজনৈতিক কৌশল কীভাবে সাজায়, এখন সেটিই দেখার বিষয়।


