মস্কোর আকাশে হঠাৎই ভনভন শব্দ আর তারপর বিস্ফোরণের তীব্র ধোঁয়া। ২০ সেপ্টেম্বর ভোরে রাশিয়ার রাজধানী মস্কোর আকাশ ছেয়ে যায় শত শত ড্রোন ও কালো ধোঁয়ার কুণ্ডলীতে। রাশিয়ার আইনসভার নির্বাচনের শেষ দিনে মস্কোর কাপোতনিয়া তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন তার ইতিহাসের অন্যতম বড় আকাশপথের হামলা চালায়। এই শোধনাগারটি মস্কো শহরের সামগ্রিক জ্বালানি চাহিদার তিন ভাগের এক ভাগের বেশি সরবরাহ করে আসছিল। ধ্বংসাত্মক এই হামলায় শোধনাগারটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তা পুনরায় চালু করতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের এই অভূতপূর্ব সামরিক সাফল্যের নেপথ্যে রয়েছে দেশটির শীর্ষ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান 'ফায়ার পয়েন্ট'। আর এই উদ্ভাবনী ড্রোন যুদ্ধযন্ত্রের কলকাঠি নাড়ছেন ৩৪ বছর বয়সী তরুণী উদ্যোক্তা আইরিনা তেরেখ। ইউরোপের সাধারণ মানুষের কাছে আইরিনা তেরেখের নাম খুব বেশি পরিচিত না হলেও ক্রেমলিন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিকই এই তরুণীর দক্ষতা ও আঘাত হানার সক্ষমতা টের পাচ্ছেন।
ফায়ার পয়েন্টের দাবি অনুযায়ী, রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রায় ৬০ শতাংশ যন্ত্রাংশই তাদের কারখানায় তৈরি। ফলে ইউক্রেনের পাল্টা প্রতিরোধ যুদ্ধে ফায়ার পয়েন্ট এখন সবচেয়ে মূল অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে। অত্যন্ত দৃঢ়চেতা মানসিকতার অধিকারী আইরিনা তেরেখের প্রকৌশল ও উৎপাদন দক্ষতা ইউক্রেনীয় বাহিনীকে আকাশপথে অভাবনীয় শক্তি জুগিয়েছে।
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান ‘সেন্টার ফর ডিফেন্স স্ট্র্যাটেজিস’-এর প্রধান আন্দ্রি জাগোরোদনিউক জানিয়েছেন, ইউক্রেনের বর্তমান প্রতিরোধ যুদ্ধে আইরিনা তেরেখের নেতৃত্বাধীন ফায়ার পয়েন্টের প্রস্তুতকৃত অস্ত্র অত্যন্ত অপরিহার্য ভূমিকা পালন করছে। তাঁর তৈরি প্রযুক্তি ও দ্রুত উৎপাদন ব্যবস্থা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এখন অত্যন্ত কৌশলগত উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেবল ঐতিহ্যবাহী সামরিক বাহিনীর লড়াইয়ে সীমাবদ্ধ নেই; বরং এটি ড্রোন ও উন্নত প্রযুক্তির যুদ্ধে পরিণত হয়েছে। ফায়ার পয়েন্টের মতো বেসরকারি ও প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোর দ্রুত বিকাশ ইউক্রেনকে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে টিকে থাকার কৌশলগত সুবিধা এনে দিচ্ছে। জ্বালানি শোধনাগারে এই ধরনের হামলা রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি ও সামরিক সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।




