চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগ জানায়, মিশর থেকে স্কটল্যান্ডগামী ইজিজেটের একটি ফ্লাইটে হঠাৎ করে বমি ও ফ্লু সদৃশ অসুস্থতার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মঙ্গলবার হুরগাদা থেকে এডিনবার্গ যাওয়ার পথে অন্তত সাতজন যাত্রী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। ফ্লাইটের ভেতরে যাত্রীদের মধ্যে তীব্র জ্বর, বমি বমি ভাব এবং গুরুতর বমির মতো লক্ষণ দেখা দেয়। এছাড়া যাত্রার সময় একটি শিশুর শরীরেও রহস্যজনক ফুসকুড়ি বা র্যাশ দেখা যায়, যা ক্রু ও অন্যান্য যাত্রীদের মাঝে উদ্বেগের সৃষ্টি করে।
পরিস্থিতি সামাল দিতে ফ্লাইটটির কেবিন ক্রুরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেন। তবে যাত্রীদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পাইলটরা বাধ্য হয়ে অবতরণের পূর্বে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে জরুরি যোগাযোগ করেন। বিমানটি নিরাপদে এডিনবার্গের মাটিতে অবত করার সাথে সাথেই পূর্বপ্রস্তুতি অনুযায়ী মেডিকেল টিম এবং জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়, যারা দ্রুত অসুস্থ যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে ইজিজেটের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র জানান, গত ৩ নভেম্বর হুরগাদা থেকে এডিনবার্গগামী ইজেওয়াই থ্রি থ্রি টু জিরো (EZY3320) ফ্লাইটে কিছু যাত্রী অসুস্থ হয়ে পড়ায় অবতরণের পর তাদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আমাদের ক্রুরা ফ্লাইটের সময় যাত্রীদের সহায়তায় সম্ভাব্য সব কিছুই করেছেন। যাত্রী এবং ক্রুদের সুস্বাস্থ্য ও সুরক্ষা আমাদের কাছে সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পায় বলে জানানো হয় ওই বিবৃতিতে।
উল্লেখ্য, এর মাত্র দুই সপ্তাহ আগেই স্কটল্যান্ড থেকে মিশরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আরেকটি ফ্লাইটেও এ ধরণের একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। সে সময় একই সাথে আটজন যাত্রী তীব্র বমিতে আক্রান্ত হয়েছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইজিজেটের প্রাথমিক ধারণা অনুযায়ী, সাম্প্রতিক এসব অসুস্থতার ঘটনাগুলোর সাথে বিমানবন্দরের খাবার বা পানীয়তে কোনো ধরণের দূষণ বা ফুড কনটামিনেশনের যোগসূত্র থাকতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।
এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিমান ভ্রমণের সময় যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং বিমানবন্দরগুলোর ক্যাটারিং ও পরিচ্ছন্নতা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে ঘন ঘন এ ধরণের স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ায় আন্তর্জাতিক রুটগুলোতে ভ্রমণকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিমান পরিচালনা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগগুলো যৌথভাবে এই সমস্যার মূল কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।



