ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে উত্তর-পূর্ব ইউরোপে নিরাপত্তা উত্তেজনা চরমে পৌঁছানোর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে নিজেদের সীমান্ত সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এস্তোনিয়া। আগামী ১ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজধানী তালিনের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ড্রোন উৎপাদন কারখানায় অন্তর্ঘাতমূলক হামলার ছক নস্যাৎ করার পর দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্তেন মিশাল এই কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেন।
এস্তোনিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, দেশটির প্রতিরক্ষা ও সামরিক রোবোটিক্স খাতের শীর্ষ প্রতিষ্ঠান 'থ্রিওড সিস্টেমস'-এর ওপর হামলার একটি ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা 'কাপো'। দূরপাল্লার আক্রমণাত্মক ও নজরদারি ড্রোন প্রস্তুতকারী এই কারখানায় বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পার্শ্ববর্তী দেশ লাটভিয়ার আটজন নাগরিক ও অধিবাসীকে আটক করা হয়েছে।
এস্তোনিয়া সরকারের স্পষ্ট বক্তব্য, এই নাশকতার মূল পরিকল্পনাকারী রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা 'জিআরইউ'। রুশ শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ক্রিস্তেন মিশাল বলেন, এস্তোনিয়ার বিরুদ্ধে পরিচালিত যেকোনো নাশকতামূলক পদক্ষেপের পরিণতি রাশিয়াকে ভোগ করতে হবে। মস্কো মূলত ইউক্রেনের প্রতি এস্তোনিয়ার কৌশলগত ও সামরিক সহায়তা দুর্বল করতেই এই ধরনের ছায়া যুদ্ধ বা 'হাইব্রিড অপারেশন' পরিচালনা করছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, ১.৩৬ মিলিয়ন জনসংখ্যার দেশ এস্তোনিয়ায় প্রায় ৫ শতাংশ নাগরিক রুশ বংশোদ্ভূত বা রাশিয়ার নাগরিকত্ব ধারণ করেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই বাল্টিক অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। সীমান্তবর্তী অঞ্চলে মস্কোর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে এস্তোনিয়া সীমান্ত নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।
সীমান্ত বন্ধের এই সিদ্ধান্ত বাল্টিক দেশগুলোর সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক ও যাতায়াত কূটনৈতিক সর্ম্পকে আরও বড় ধস নামাবে বলে ধারণা করা হচ্ছে। এস্তোনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থাগুলো তাদের জাতীয় পরিকাঠামো ও প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দ্বিগুণ বাড়িয়েছে। একই সঙ্গে ন্যাটোর পূর্ব সীমান্তে যে কোনো হামলা বা ছদ্মবেশী নাশকতা প্রতিরোধে মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে সমন্বয় জোরদার করা হয়েছে।




