মালয়েশিয়ার সারওয়াক প্রদেশের লং লেলং শর্ট টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারপোর্ট বা স্টলপোর্টের অবকাঠামো ও সুযোগ-সুবিধা আধুনিকায়নের জন্য ১ কোটি ৬ লাখ ১৫ হাজার রিঙ্গিত বরাদ্দ দিয়েছে সরকার। গত সেপ্টেম্বরে একটি মারাত্মক ডক্টর সার্ভিস হেলিকপ্টার দুর্ঘটনার পর বিমানবন্দরটির অপারেশনাল নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই বড় অংকের অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়।
সংসদে এক প্রশ্নোত্তর পর্বে উপ-পরিবহনমন্ত্রী দাতুক হাসবি হাবিবোল্লাহ জানান যে, এই বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ ব্যয় হবে রানওয়ে, পার্কিং অ্যাপ্রন এবং ট্যাক্সিওয়ে পুনরায় পিচঢালাই ও সংস্কারকাজে। এর মধ্যে রানওয়ে পুনর্বিন্যাসের জন্য ৭১ লাখ ৯১ হাজার রিঙ্গিত, বিমান পার্কিং অ্যাপ্রনের জন্য ১২ লাখ রিঙ্গিত, ট্যাক্সিওয়ে সংস্কারে দুই লাখ ২৪ হাজার রিঙ্গিত এবং একটি মিনি ব্যাচিং প্ল্যান্ট নির্মাণে ২০ লাখ রিঙ্গিত খরচ ধরা হয়েছে।
সংসদ সদস্য মোহাম্মাদ শাফিজান কেপলির এক প্রশ্নের জবাবে উপ-পরিবহনমন্ত্রী বলেন যে, ২০২৭ সালে এই সংস্কার কাজ শুরু হওয়ার কথা রয়েছে এবং তা ২০২৮ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর একটি ফ্লাইং ডক্টর সার্ভিস বা এফডিএস হেলিকপ্টার দুর্ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার জন চিকিৎসাকর্মীসহ মোট পাঁচ জন প্রাণ হারিয়েছিলেন। ওই দুর্ঘটনার পরই সারওয়াকের সমস্ত স্টলপোর্টে জরুরি সাড়াদান ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল।
নিরাপত্তা ও জরুরি উদ্ধার তৎপরতা আরও শক্তিশালী করতে লং লেলং স্টলপোর্টকে ১২ লাখ রিঙ্গিত মূল্যের একটি র্যাপিড ইন্টারভেনশন ভেহিকেল বা আরআইভি প্রদান করা হবে। এই গাড়িটির আকার এবং সক্ষমতা ছোট বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের উপযোগী করে তৈরি। সিভিল এভিয়েশন ডিরেক্টিভ ১৪-এর মানদণ্ড পূরণে এই একটি মাত্র গাড়িই যথেষ্ট বলে নিশ্চিত করেছেন উপ-পরিবহনমন্ত্রী।
এ ছাড়া, মালয়েশিয়া এয়ারপটস হোল্ডিংস বারহাদ বা এমএএইচবি বিমানবন্দরটির কার্যক্রম ও নিরাপত্তা আরও সুসংহত করতে ধাপে ধাপে ১৫ জন নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে লং লেলং থেকে, যা পরবর্তীতে অন্যান্য অঞ্চলের ছোট বিমানবন্দরগুলোতেও সম্প্রসারিত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ পেয়েছে।




