দীর্ঘ প্রায় এক শতাব্দী পর কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে রক্ষণশীল দল বা কনজারভেটিভ পার্টির প্রথম মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছে। ভিক্টোরিয়ায় অবস্থিত গভর্নমেন্ট হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে লেফটেন্যান্ট-গভর্নর ওয়েন্ডি কোচ্চিয়ার হাত থেকে ব্রিটিশ কলাম্বিয়ার ৩৮তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন লর্ন ডোরকসন। তার সঙ্গে ১৮ জন মন্ত্রী এবং ৬ জন রাষ্ট্রমন্ত্রী সম্বলিত একটি সুসংহত ও অপেক্ষাকৃত ছোট আকারের মন্ত্রিসভাও শপথ নেয়।
নতুন এই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। এর মধ্যে ক্যারোলিন এলিয়ট অ্যাটর্নি-জেনারেল, পিটার মিলোবার অর্থমন্ত্রী, রায়ান পিটারসন স্বাস্থ্যমন্ত্রী এবং জেসি সাহোটা পাবলিক সেফটি মন্ত্রী ও সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া ক্লেয়ার রাত্তিয়ে সামাজিক উন্নয়ন মন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী, স্কট ম্যাকইননিস আদিবাসী সম্পর্ক ও পুনর্মিলন মন্ত্রী, ল্যারি নিউফেল্ড জ্বালানি, খনিজ ও পেট্রোলিয়াম সম্পদ মন্ত্রী এবং ট্রেভর হ্যালফোর্ড পরিবহন ও অবকাঠামো মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রিসভার আকার ছোট করার এই সিদ্ধান্ত লর্ন ডোরকসনের নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এর আগের নির্বাচনে বিজয়ী এনডিপি সরকারের মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী ও চারজন রাষ্ট্রমন্ত্রী ছিলেন। নতুন সরকারের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কারসন বিন্ডা (লাল ফিতার দৌরাত্ম্য কমানো), আনা কিন্ডি (গ্রামীণ উন্নয়ন), পিট ডেভিস (খনি), জিশান ওয়াহলা (আবাসন), হারমান ভাঙ্গু (শ্রম) এবং ওয়ার্ড স্ট্যামার (জরুরি ব্যবস্থাপনা)।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভার এই সংক্ষিপ্ত রূপায়ন সরকারের আকার ছোট করা এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কনজারভেটিভ পার্টির নির্বাচনী প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন। আর্ন্সক্লিফের সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স কনসালট্যান্ট অ্যান্ড্রু রিভ মন্তব্য করেছেন যে, এই পদক্ষেপ ব্রিটিশ কলাম্বিয়ার জনগণের কাছে সরকারের কৃচ্ছ্রসাধণ ও দক্ষতা বৃদ্ধির একটি সুস্পষ্ট বার্তা পাঠিয়েছে। নতুন প্রধানমন্ত্রীকে তার মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে মন্ত্রীদের অভিজ্ঞতা, আঞ্চলিক প্রতিনিধিত্ব এবং ককাসের মধ্যকার আন্তঃসম্পর্কের বিষয়টি ভারসাম্যপূর্ণভাবে বিবেচনা করতে হয়েছে।
অর্থনীতি ও স্বাস্থ্য খাত নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে প্রদেশটিতে জীবনযাত্রার উচ্চ ব্যয়, সরকারি ঘাটতি, জরুরি চিকিৎসা সেবা বা ইআর বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা এবং দশ লক্ষেরও বেশি মানুষের পারিবারিক চিকিৎসকের নাগাল না পাওয়ার সংকট রয়েছে। এসব জটিল সমস্যা মোকাবিলা করে জনগণের জীবনমান উন্নয়নই ডোরকসন প্রশাসনের মূল লক্ষ্য। ইতোমধ্যে ব্রিটিশ কলাম্বিয়া আইনসভায় ৬৩ জন কনজারভেটিভ বিধায়ক শপথ নিয়েছেন এবং আগামী সপ্তাহে বিচারিক পুনর্গণনার পর আরও একজন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে।

