ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও ডেটা সুরক্ষার বিষয়টি নিয়ে বিভ্রান্ত করার গুরুতর অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটাকে ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক। বড় কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতের এমন কঠোর পদক্ষেপ এবং রেকর্ড পরিমাণ জরিমানার ঘটনা বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের ব্যবসায়িক নীতিমালায় আলোড়ন সৃষ্টি করেছে। সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রান্সিস জে ম্যাথিউ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন, যা মেটার জন্য এক বিশাল আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নিউ মেক্সিকো রাজ্য কর্তৃপক্ষ ২০২১ সালে মেটার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। আলোচিত কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য ফাঁসের কেলেঙ্কারির পটভূমিতে করা এই মামলায় মূল অভিযোগ ছিল যে, মেটা ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ, তার ব্যবহার এবং গোপনীয়তা নীতি নিয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণ ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে আসছে। মামলার দুই সপ্তাহের দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন। বিচারকের পর্যবেক্ষণে উঠে আসে যে, মেটা নিউ মেক্সিকোর ভোক্তা অধিকার সুরক্ষা আইন অন্তত ৪ কোটি ৩০ লাখ বার লঙ্ঘন করেছে।
আইন অনুযায়ী প্রতিটি পৃথক লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে। সেই আইনি বিধানের ভিত্তিতেই বিচারক ফ্রান্সিস জে ম্যাথিউ এই বিশাল অংকের আর্থিক দণ্ড আরোপ করেন। এর আগে প্রযুক্তি খাতের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এত বড় অংকের জরিমানা খুব কমই দেখা গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মূল কোম্পানি মেটার জন্য এটি বড় ধরনের আর্থিক চাপ এবং আইনি বিপর্যয় ডেকে এনেছে।
বিশ্লেষকদের মতে, এই রায় কেবল মেটার করপোরেট পরিচালনা পর্ষদের ওপর চাপই বাড়াবে না, বরং যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটা প্রাইভেসি নীতিতেও বড় ধরণের পরিবর্তন আনতে বাধ্য করবে। গত কয়েক বছর ধরে মেটাকে বিশ্বজুড়ে বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এবং সাধারণ ব্যবহারকারীদের আনা অসংখ্য মামলার মুখোমুখি হতে হচ্ছে। শিশুদের মানসিক নিরাপত্তা বিঘ্নিত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত আসক্তি তৈরি, বিনা অনুমতিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহার এবং গোপনীয়তা লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগে জর্জরিত হয়ে আছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে মেটার বিরুদ্ধে চলমান এই আইনি লড়াইয়ে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করছে নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। এই রায়ের ফলে প্রযুক্তি কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে মার্কিন বিচারব্যবস্থায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো। মেটার পক্ষ থেকে এই আয়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে এই ঐতিহাসিক রায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডাটা ব্যবহারের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।




