বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে জনপ্রিয় ইমেইল সেবা আউটলুকসহ থ্রি-সিক্সটি-ফাইভভুক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। ইমেইল পাঠানো বা গ্রহণ করার ক্ষেত্রে নানা ধরনের ত্রুটির মুখে পড়ছেন তারা।
বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ভোর সাড়ে চারটা নাগাদ ১ লাখ ২০ হাজারেরও বেশি ব্যবহারকারী আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানান। ব্যবহারকারীদের একটি বড় অংশ জানিয়েছেন যে তারা কোনো ইমেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না, কিংবা বার্তা আদান-প্রদানে মারাত্মক বিলম্ব ঘটছে।
মাইক্রোসফটের নিজস্ব সার্ভিস হেলথ স্ট্যাটাস সাইটে জানানো হয়েছে যে, ব্যবহারকারীরা এক্সচেঞ্জ অনলাইন, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, কোপাইলট থ্রি-সিক্সটি এবং ডিফেন্ডার এক্সডিআর-এর মতো একাধিক থ্রি-সিক্সটি-ফাইভ সেবা ব্যবহার করতে গিয়ে সংযোগ সমস্যায় পড়ছেন। কোম্পানিটি নিশ্চিত করেছে যে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ট্রাফিকের কারণে নয়, বরং হঠাৎ করে বিপুলসংখ্যক সার্ভার অনুপলব্ধ হয়ে যাওয়ায় অবশিষ্ট অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে মাইক্রোসফট তাদের সব ধরনের নতুন ডেপ্লয়মেন্ট বা সফটওয়্যার স্থাপন সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামো থেকে অতিরিক্ত ট্রাফিক সরিয়ে নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত সার্ভারগুলোকে পুনরায় সচল করতে সেগুলোকে রিস্টার্ট করা হচ্ছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সার্ভারগুলো কেন হঠাৎ অনুপলব্ধ হয়ে পড়ল, তার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে মাইক্রোসফটের এই বিভ্রাটের প্রভাব পড়েছে অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওপরও। ওপেনএআই জানিয়েছে যে তারা মাইক্রোসফট কানেক্টর সংক্রান্ত একটি সমস্যা খতি দেখছে, যার ফলে নতুন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন টুল প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। এছাড়া অ্যানথ্রপিক জানিয়েছে যে তাদের আপস্ট্রিম প্রোভাইডারের সমস্যার কারণে মাইক্রোসফট থ্রি-সিক্সটি-ফাইভ কানেক্টরে বিঘ্ন ঘটেছে।





