আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পাম তেলের (সিপিও) অব্যাহত মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব থেকে সাধারণ ভোক্তাদের রক্ষা করতে এবং দেশীয় বাজারে বোতলজাত তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বড় ধরনের আর্থিক সহায়তা ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। 'রান্নার তেলের মূল্য নিয়ন্ত্রণ কাঠামো' (এমকেএইচএমএম)-এর অধীনে উৎপাদকদের জন্য প্রতি মাসে প্রায় ১ কোটি ৫০ লাখ মালয়েশীয় রিঙ্গিত (১৫ মিলিয়ন রিঙ্গিত) বিশেষ প্রণোদনা বা ভর্তুকি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৬ নভেম্বর অনুষ্ঠিত দেশটির মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে অপরিশোধিত পাম তেলের দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকায় পাম তেল শোধন ও বোতলজাতকরণে যুক্ত প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচ বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। ফলে দেশটির বাজারে বোতলজাত পাম তেলের সরবরাহ ঘাটতি তৈরির পাশাপাশি দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।
মালয়েশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক মন্ত্রী দাতুক আরমিজান মোহামাদ আলী এক সংবাদ সম্মেলনে এই প্রণোদনা প্রকল্পের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট করেন যে, সরকারের এই আর্থিক হস্তক্ষেপের ফলে ২০১১ সালের মূল্য নিয়ন্ত্রণ ও মুনাফা বিরোধী আইনের অধীনে নির্ধারিত ভোজ্যতেলের সর্বোচ্চ দর বহাল থাকবে। সেই অনুযায়ী, বাজারে ১ কেজি বোতলের দাম ৬.৯০ রিঙ্গিত, ২ কেজি ১৩.৩০ রিঙ্গিত, ৩ কেজি ১৯.৬০ রিঙ্গিত এবং ৫ কেজি বোতলের দাম ৩০.৯০ রিঙ্গিতেই অপরিবর্তিত রাখা সম্ভব হবে।
বাণিজ্যমন্ত্রী আরমিজান জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পাম তেলের গড় মূল্য বর্তমানে প্রতি টনে প্রায় ৪,৪০০ রিঙ্গিতে গিয়ে পৌঁছেছে। সরকার যদি সময়মতো এ প্রণোদনা না দিত, তবে বাজারে একটি ৫ কেজির বোতলজাত তেলের মূল্য বেড়ে অন্তত ৩৪ রিঙ্গিতে গিয়ে ঠেকত। বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির কারণে অতিরিক্ত উৎপাদন খরচ বহন করতে না পেরে বেশ কিছু উৎপাদক প্রতিষ্ঠান ইতিমধ্যে ভোজ্যতেল বোতলজাতকরণ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করার প্রক্রিয়ায় ছিল।
পরিস্থিতি পর্যালোচনায় মালয়েশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক মন্ত্রণালয় দ্রুত অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সহায়তা প্রস্তাব প্রস্তুত করে মন্ত্রিসভায় উপস্থাপন করে। সরকারি ভর্তুকির ফলে কারখানাগুলো এখন কোনো আর্থিক ক্ষতির মুখোমুখি না হয়ে নিয়মিত উৎপাদন চালু রাখতে পারবে।
চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগের পর্যালোচনায় দেখা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান পাম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও বিশ্ববাজারের অস্থিতিশীলতার প্রভাব দেশটির অভ্যন্তরীণ বাজারে পড়ছিল। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার খুচরা বাজারে ভোজ্যতেলের যেকোনো কৃত্রিম সংকট রোধ সম্ভব হবে এবং ভোক্তারা নির্ধারিত দামেই নিত্যপ্রয়োজনীয় এ পণ্য ক্রয় করতে পারবেন।



