যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি যদি হোয়াইট হাউসে থাকা অবস্থায় তার ক্যান্সার ধরা পড়ার বিষয়টি জানতেন, তবে তিনি তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রবীণ রাজনীতিবিদ তার রাজনৈতিক জীবন এবং স্বাস্থ্যগত বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় তার শারীরিক অস্বস্তির আসল কারণ তিনি বুঝতে পারেননি।
সাক্ষাৎকারে জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল যে, ২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়ায় তিনি কোনো পরিবর্তন আনতেন কি না। এর জবাবে ৮৩ বছর বয়সী জো বাইডেন স্পষ্ট ভাষায় জানান, তার শারীরিক অবস্থার পেছনের মূল কারণ ক্যান্সার ছিল—যদি তিনি তা আগে জানতে পারতেন, তবে তিনি হোয়াইট হাউস থেকে পদত্যাগ করতেন। তিনি বলেন, ক্যান্সারে আক্রান্ত একজন ৮০ বছর বয়সী ব্যক্তির পুনরায় প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করা উচিত নয়। তবে তিনি এও দাবি করেন যে, সেই সময় তিনি সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে নিজের কাজের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ছিলেন।
উল্লেখ্য, জো বাইডেনের কার্যালয় থেকে গত ২০২৫ সালের মে মাসে এক ঘোষণায় জানানো হয়েছিল যে, তার শরীরে অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। পরবর্তীতে চিকিৎস পরীক্ষায় দেখা যায় যে সেই রোগ তার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই রোগ নির্ণয়ের পরই তিনি অস্ত্রোপচার এবং রেডিওথেরাপির মতো দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যান।
প্রেসিডেন্ট থাকাকালীন তার স্বাস্থ্যগত তথ্য গোপনের যে অভিযোগ উঠেছে, তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন জো বাইডেন। তিনি দাবি করেন, এ ধরনের কোনো গোপনীয়তা রক্ষা করা হয়নি। রোগ ধরা পড়ার পরই তা দ্রুত জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছিল। তার এই সাক্ষাৎকার মার্কিন রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিভিন্ন মহলের আলোচনার খোরাক জুগিয়েছে।





