ইন্দোনেশিয়ার দূরবর্তী বোর্নিও দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার নদীগর্ভে বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় সৌভাগ্যবশত বেঁচে গেছেন দুই অস্ট্রেলীয় পাইলট। তবে বিমানটিতে থাকা আরও একজন ইন্দোনেশীয় ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে জোরেশোরে অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। চিত্রা পোস্ট অনলাইন বার্তা বিভাগের প্রাপ্ত তথ্যানুযায়ী, সুপার জুমা বা এইচ২২৫ মডেলের এই হেলিকপ্টারটি দাবানল নেভানোর জন্য নদী থেকে পানি তোলার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই এটি উচ্চতা হারিয়ে নদীর পানিতে নোজডাইভ বা মুখ থুবড়ে পড়ে যায়।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র বার্টন পাঞ্জাইতান জানিয়েছেন, প্রাথমিক উদ্ধার প্রতিবেদনের তথ্যানুযায়ী দুই অস্ট্রেলীয় নাগরিককে অক্ষত ও ভালো স্বাস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পাইলটদের নাম হিউ অ্যান্ড্রু জন পেজ এবং মাইকেল জন বেটারিজ। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের পরিবারকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। তবে হেলিকপ্টার ল্যান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী ইন্দোনেশীয় নাগরিক ইয়ায়ান সুপিয়ানসুরি এখনো নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে সাউথ কালিমান্তান আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিপিবিডি) ১৮ সদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে কাজ করছে।
দুর্ঘটনার শিকার পাইলটদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিখোঁজ ক্রুকে দ্রুত খুঁজে বের করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন মুখপাত্র বার্টন পাঞ্জাইতান। তিনি আরও উল্লেখ করেছেন যে, ইতোমধ্যে বিধ্বস্ত হেলিকপ্টারটিকে নদী তীরবর্তী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে যাতে এর দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়। তবে সরকারি তদন্ত প্রতিবেদন হাতে আসার আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনো অনুমান করতে নারাজ কর্তৃপক্ষ। বন ও ভূমি দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে পরিচালিত অপারেশনগুলোর নিরাপত্তা নিয়ে এই দুর্ঘটনা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে আকাশপথের নিরাপত্তায় সার্বিক মূল্যায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
চলতি বছর ইন্দোনেশিয়ায় দাবানলের তীব্রতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দীর্ঘায়িত খরা, জলবায়ু পরিবর্তন এবং ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোর প্রভাবে দেশটিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নুসানতারা অ্যাটলাসের উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইন্দোনেশিয়ায় প্রায় ১৯ লাখ হেক্টর ভূমি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় এই পরিসংখ্যান প্রায় ৩৮ শতাংশ বেশি, যা এর আগের রেকর্ড ভাঙা দাবানলের বছরগুলোর চেয়েও ভয়াবহ।





