পৃথিবীর উত্তর মেরুর বায়ুমণ্ডলের উচ্চ স্তরে এক অভাবনীয় ও বিরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর্কটিক অঞ্চলের ওপর অবস্থিত মেরু ঘূর্ণি বা পোলার ভটেক্স এবার নির্ধারিত সময়ের অনেক আগেই দুর্বল হয়ে ভেঙে পড়েছে, যা উত্তর গোলার্ধের বিভিন্ন অংশে তীব্র শীতের আবহাওয়া বা শৈত্যপ্রবাহ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে পৃথিবীর জলবায়ুতে আরেকটি শক্তিশালী প্রভাবক সক্রিয় রয়েছে, তাহল একটি ঐতিহাসিকভাবে প্রবল এল নিনো, যা সাধারণত বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। এই দুটি বিপরীতমুখী এবং নজিরবিহীন আবহাওয়া শক্তির মধ্যকার সংঘাত বায়ুমণ্ডলে এক অভূতপূর্ব পরিস্থিতির জন্ম দিয়েছে, যা জলবায়ু বিজ্ঞানীদের কৌতূহল এবং উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, মেরু ঘূর্ণি হলো উচ্চ বায়ুমণ্ডলে তীব্র বেগে প্রবাহিত বাতাসের একটি বৃত্তাকার বলয়, যা উত্তর মেরুর চারপাশে অত্যন্ত ঠান্ডা বাতাসকে আটকে রাখে। প্রতি বছর শরৎকালে যখন মেরু অঞ্চলে সূর্যাস্ত ঘটে এবং দীর্ঘ রাতের সূচনা হয়, তখন এই বলয়টি গঠিত হয়। সাধারণত এটি শীতজুড়ে আর্কটিকের শীতল বাতাসকে নিজেদের সীমানায় আবদ্ধ রাখতে সাহায্য করে। তবে এবারের মৌসুমে এই বলয়টির অকাল পতন ঘটেছ, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আকস্মিক আবহাওয়া পরিবর্তনের কারণ হতে পারে।
অন্যদিকে, বর্তমান এল নিনো চক্রের তীব্রতা বৈশ্বিক উষ্ণায়নকে আরও ত্বরান্বিত করছে। এই দ্বিমুখী বৈরী অবস্থার কারণে বায়ুমণ্ডলে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে, তা নিয়ে আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন। স্ট্রাটোস্ফিয়ারে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ থেকে ৪৮ কিলোমিটার উঁচুতে ঘটিত এসব পরিবর্তন কীভাবে নিচকার আবহাওয়াকে প্রভাবিত করে, তা বুঝতে নতুন গবেষণা পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।
এই দুই জলবায়ু শক্তির সংঘাতের ফলে আসন্ন দিনগুলোতে আবহাওয়ার পূর্বাভাস প্রদান আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে মেরু ঘূর্ণি ভেঙে যাওয়ার কারণে আকস্মিক শৈত্যপ্রবাহের ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে তীব্র এল নিনোর প্রভাবে সামগ্রিক বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে আবহাওয়া অধিদপ্তরগুলো সম্ভাব্য চরম আবহাওয়ার ঘটনা মোকাবিলায় নিজেদের প্রস্তুতি জোরদার করছে এবং বিজ্ঞানভিত্তিক নতুন মডেলের মাধ্যমে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।




