মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং অঞ্চলের বান্দার তাসিক কেসুমা এলাকার একটি আবাসিক ভবন থেকে এক দম্পতির নিথর দেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পরপরই পুলিশের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বাড়ির ওপরের তলার দুটি পৃথক স্থান থেকে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। নিহত দুজনেরই বয়স ত্রিশের কোঠায় বলে জানা গেছে।
কাজাং জেলা পুলিশের প্রধান কর্মকর্তা নাজরন আবদুল ইউসুফ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় থানা পুলিশে এ বিষয়ে প্রথম তথ্য পৌঁছায়। বার্তা পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে যায় এবং দোতলার আলাদা দুটি কক্ষে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে।
প্রাথমিক আলামত ও স্থান পরিদর্শনের পর পুলিশ কর্মকর্তা নাজরন আবদুল ইউসুফ উল্লেখ করেন, ঘটনাস্থল থেকে আপাতদৃষ্টিতে কোনো ধরনের অপরাধমূলক বা সহিংস ঘটনার ইঙ্গিত মেলেনি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনের লক্ষ্যে লাশ দুটি উদ্ধার করে স্থানীয় কাজাং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের চিকিৎসকদের দ্বারা ময়নাতদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ঘটনাকে 'আকস্মিক অপমৃত্যু' হিসেবে ধরে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে চিত্রা পোস্টের অনলাইন বার্তা বিভাগ।



