বিশ্বখ্যাত জাপানি মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক বাহিনীর মাধ্যমে তাদের উৎপাদিত ফর্কলিফ্ট ব্যবহারের অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণাগার, সামনের সারির ইউনিটগুলোর সরবরাহ লাইন এবং সেনাবাহিনীর লজিস্টিকস কোরের কার্যক্রমে এসব ভারী যন্ত্রপাতি ব্যবহারের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর এই তদন্ত শুরু হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে শুরু হওয়া গাজা সংঘাতের পর ২০২৪ সালে টয়োটা এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে প্রায় ১৫ কোটি ৫৮ লাখ শেকেল (প্রায় চার কোটি ৯৮ লাখ মার্কিন ডলার) মূল্যের একটি ফর্কলিফ্ট সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির বিস্তারিত তথ্য সামনে আসার পরই মূলত আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়।
টয়োটা কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে যে, তাদের উৎপাদিত যানবাহন ও প্রযুক্তি মূলত বেসামরিক ব্যবহারের জন্য তৈরি এবং সামরিক উদ্দেশ্যে এগুলোর কোনো অনুমোদন নেই। যখন এই চুক্তি এবং সামরিক ঘাঁটিতে ফর্কলিফ্টের ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন কোম্পানির পক্ষ থেকে জানানো হয় যে, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইসরায়েല তাদের অফিসিয়াল রিসেলারের সাথে সুনির্দিষ্ট কিছু চুক্তিভিত্তিক শর্ত রয়েছে।
প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বেসামরিক পণ্য যাতে সামরিক বা যুদ্ধাস্ত্রের কাজে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করার জন্য ডিলার ও ক্রেতাদের সাথে কঠোর চুক্তি থাকে। বর্তমান পরিস্থিতিতে এই শর্তগুলো লঙ্ঘন করা হয়েছে কি না, তা গভীরভাবে যাচাই করে দেখছে জাপানি এই বহুজাতিক কোম্পানি।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক কোনো মোটর ব্র্যান্ডের পণ্য সামরিক সংঘাতে বা প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ব্যবহারের প্রমাণ মিললে তা প্রতিষ্ঠানের সুনামের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। টয়োটার এই অভ্যন্তরীণ তদন্তের ফল কী হয় এবং ইসরায়েলি বাজারের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে এর কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।





