বিশ্বজুড়ে ফ্যাশন শিল্পে কিছুটা মন্দা দেখা দিলেও শীতে ব্যবহারের বিশেষ পোশাক ও আউটডোর সরঞ্জামের বাজারে বইছে সুবাতাস। সম্প্রতি বিভিন্ন ব্র্যান্ডের অর্ধবার্ষিক এবং ত্রৈমাসিক পরিসংখ্যানে দেখা গেছে, প্রথাগত বিলাসবহুল ব্র্যান্ডগুলো যেখানে বিক্রি বজায় রাখতে হিমশিম খাচ্ছে, সেখানে হাই-পারফরম্যান্স উইন্টার গিয়ার প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে আর্কটেরিক্স ও সালের মতো নামীদামি ব্র্যান্ডগুলোর চাহিদা আকাশচুম্বী। শীতকালীন বিশেষ পোশাক শুধু বরফাবৃত পাহাড়েই নয়, বরং নিউ ইয়র্ক ও বার্লিনের মতো প্রধান নগরগুলোতে এখন দৈনন্দিন ফ্যাশনের অংশ হয়ে উঠেছে।
শীতকালীন খেলার উপযোগী পোশাক নির্মাণের ২৫ বছর পূর্তিতে আর্কটেরিক্স তাদের ঐতিহাসিক 'সাইডওয়াইন্ডার' স্কি ও স্নোবোর্ড জ্যাকেটের নতুন সংস্করণ বাজারে এনেছে। প্রথাগত রিভার্স জিপার নকশার কারণে গলার কাছে যে অস্বস্তি হতো, তা দূর করে এই জ্যাকেট তৈরি করা হয়েছে। আধুনিক সংস্করণে পরিবেশবান্ধব রিসাইকেলড ম্যাটেরিয়াল এবং গোর-টেক্স প্রো মেমব্রেন ব্যবহার করা হয়েছে, যা একই সঙ্গে হালকা এবং কনকনে ঠান্ডা প্রতিরোধে সক্ষম।
ফুটওয়্যার ফ্যাশনেও এসেছে বড় পরিবর্তন। দীর্ঘ ৬৫ বছর ধরে পরিচিত ক্যানাডিয়ান ব্র্যান্ড সোরেল তাদের সিগনেচার ক্যারিবু বুটের নতুন হাফ-শু সংস্করণ 'অ্যাম্বলার' বাজারে ছেড়েছে। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই লোফার-স্টাইলের জুতোটি শীতের ভারী বুটের বিকল্প হিসেবে ক্যাজুয়াল জিন্সের সাথে পরার জন্য দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। কালো, ক্যালাফ্লেজ ও ধূসর রঙের পাশাপাশি নানারকম আকর্ষণীয় শেডে এটি মিলছে।
ঘরের ভেতরের আবহাওয়া আরামদায়ক রাখতে এবং শীতের দিনে শরীর উষ্ণ রাখতে ভেষজ চায়ের পাশাপাশি নতুন প্রযুক্তির ব্যবহারও লক্ষ্য করা যাচ্ছে। বার্লিনভিত্তিক চা প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপার অ্যান্ড টি স্বাস্থ্যকর উপাদান সমৃদ্ধ অর্গানিক টি ব্লেন্ড চালু করেছে। যার মধ্যে কোকো, হলুদ ও দারুচিনির মিশ্রণে তৈরি 'গোল্ডেন রিচুয়াল' চা পানের বিশেষ ট্রেন্ড তৈরি করেছে।
অন্যদিকে শীতকালে ঘর দ্রুত গরম করতে প্রথাগত রেডিয়েটরের নিচে ছোট ফ্যান যুক্ত করার একটি অভিনব ডাচ প্রযুক্তি এখন তুমুল জনপ্রিয়। 'স্পিডকমফোর্ট' নামের এই ডিভাইসটি রেডিয়েটর থেকে উৎপন্ন তাপ দ্রুত পুরো ঘরে ছড়িয়ে দেয়। এতে কম শক্তিতে ঘর দ্রুত উষ্ণ হয় এবং এটি অত্যন্ত সাশ্রয়ী একটি সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। সামগ্রিকভাবে, কার্যকর প্রযুক্তি ও নন্দনতত্ত্বের সমন্বয়ে এবারের শীতকালীন জীবনযাত্রায় এসেছে নতুন বৈচিত্র্য।


